স্কুলছাত্র হত্যামামলা: ১ জনের ফাঁসি,  দুই জনের আমৃত্যু কারাদণ্ড 

আপডেট : ০৭ নভেম্বর ২০২১, ১৭:০৮

কুষ্টিয়ায় স্কুলছাত্র দেব দত্ত হত্যা মামলায় এক আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে  তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ডের আদেশও দেওয়া হয়েছে। অন্য ২ আসামির আমৃত্যু কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।  রোববার (৭ নভেম্বর) দুপুরে কুষ্টিয়ার নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনালের বিচারক সৈয়দ হাবিবুল ইসলাম এই রায় ঘোষণা করেন। 

ফাঁসির দণ্ডাদেশপ্রাপ্ত আসামি হলেন সবুজ মল্লিক। তিনি মিরপুর উপজেলার চিথলিয়া গ্রামের তুফান মল্লিকের ছেলে। আমৃত্যু দণ্ডাদেশপ্রাপ্ত  আসামিরা মিরপুরের মল্লিকপুর গ্রামের আমান আলীর ছেলে হাবিবুর রহমান ও মৃত আনছার আলীর ছেলে এরশাদ আলী। এরমধ্যে প্রথমজনকে আরও এক লাখ টাকা জরিমানা এবং দ্বিতীয়জনকে ৫০ হাজার জরিমানা করেন আদালত। 

ফাঁসির দণ্ডাদেশপ্রাপ্ত আসামি সবুজ মল্লিক

মামলা সূত্রে জানা গেছে, ২০১৮ সালের ৯ জুন সকালে চিথলিয়া এলাকার পবিত্র কুমার দত্তের ছেলে স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র দেব দত্ত ওই এলাকার তালিম মাস্টারের বাড়িতে প্রাইভেট পড়তে যেতে আর ফিরে আসেনি। আসামিরা পূর্ব পরিকল্পনা অনুযায়ী দেব দত্তকে মোটরসাইকেলে করে তুলে নিয়ে যায়। পরবর্তী সময়ে অপহরণকারীরা মোবাইলফোনে দেব দত্তের পরিবারের কাছে পঞ্চাশ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। 

এ ঘটনায় ২০১৮ সালের ১১ জুন দেবের বাবা পবিত্র কুমার দত্ত মিরপুর থানায় অপহরণ মামলা করেন।  পুলিশ সবুজ মল্লিকসহ ৫ জনকে গ্রেপ্তার করে। পরে সবুজের দেওয়া তথ্য অনুযায়ী ২৫ জুন পবিত্র কুমারের বাড়ির পাশের পরিত্যক্ত টয়লেটের ট্যাংক থেকে দেব দত্তের লাশ উদ্ধার করে পুলিশ। তদন্ত শেষে ২০১৯ সালের ২ ফেব্রুয়ারি আসামি সবুজ মল্লিক, হাবিবুর রহমান ও এরশাদ আলীকে আসামি করে তদন্ত কর্মকর্তা আদালতে প্রতিবেদন দাখিল করেন। মামলাটি সাক্ষ্য-প্রমাণে সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় বিচারক আসামিদের বিরুদ্ধে ওই দণ্ডাদেশ দেন। রায় ঘোষণার সময় ফাঁসির দণ্ডাদেশপ্রাপ্ত আসামি সবুজ মল্লিক আদালতের কাঠগড়ায় হাজির ছিলেন।  আমৃত্যু কারা দণ্ডাদেশপ্রাপ্ত আসামিরা পলাতক। 

ইত্তেফাক/এনই