মাদারীপুর শহরের নির্মাণাধীন একটি বহুতল ভবনের নিচতলার একটি কক্ষে বোমা সদৃশ্যবস্তু রেখে বাড়ির মালিক মস্তফা কামালের কাছে দশ লাখ টাকা দাবী করা হয় বলে খবর পাওয়া গেছে। রবিবার (৭ নভেম্বর) জেলা সদরের উকিলপাড়া সংলগ্ন এলাকায় ঘটনাটি ঘটেছে বলে জানা যায়। খবর পেয়ে পুলিশ বাড়িটি ঘিরে রেখেছে। বিষয়টি নিশ্চিত করেছেন মাদারীপুর জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল।
এই ঘটনায় এলাকাবাসী আতংকে রয়েছে। ইতিমধ্যে পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল, র্যাবের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মোহাম্মদ সাদেকুল ইসলামসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আইন প্রয়োগকারী সংস্থা ঢাকার বোমা বিস্ফোরক বিশেষজ্ঞ টিমকে ঘটনাটি অবহিত করেছেন।
এলাকাবাসী, বাড়ির মালিক ও পুলিশ সূত্রে জানা যায়, জেলা সদরের উকিলপাড়া সংলগ্ন এলাকায় অবসরপ্রাপ্ত কৃষি অফিসার মস্তফা কামালের চারতলা ভবন নির্মাণের কাজ চলছে। ভবনের নিচতলার একটি কক্ষে কে বা কারা বোমা সদৃশ বস্তু রেখে আজ রবিবার বাড়ির মালিক মস্তফা কামালের নিকট দশ লাখ টাকা চাঁদা দাবী করে। বাড়ির মালিক ঘটনাটি পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলটি ঘিরে রাখে।
পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল সাংবাদিকদের জানান, নির্মাণাধীন এই ভবনের নিচ তলায় কে বা কারা বোমা সাদৃশ্য বস্তু রেখে বাড়ির মালিকের কাছে টাকা (চাঁদা) দাবী করে। বাড়ির মালিক ঘটনাটি পুলিশকে জানালে ঘটনাস্থলটি পুলিশ ঘিরে রেখেছে। ঢাকার বোমা বিস্ফোরক বিশেষজ্ঞ টিমকে বিষয়টি জানান হয়েছে। টিম ঢাকা থেকে এলেই জানা যাবে, আসলে এটি বোমা না অন্য কিছু।
