চুয়াডাঙ্গা শহরে প্রকাশ্যে এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যা

আপডেট : ০৭ নভেম্বর ২০২১, ১৭:২৫

চুয়াডাঙ্গা শহরে মাহবুবুর রহমান তপু নামে এক এসএসসি পরীক্ষার্থীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ রবিবার (৭ নভেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে আলহেলাল ইসলামি একাডেমি চত্বরে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে ধারালো অস্ত্র নিয়ে এ হামলা চালানো হয়। 

নিহত মাহবুবুর চুয়াডাঙ্গা শহরের ফার্মপাড়ার আব্দুল মজিদের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, বহিরাগত তিন যুবক ধারালো অস্ত্র নিয়ে স্কুলের মধ্যে প্রবেশ করে। এ সময় তারা তন্ময়কে কুপিয়ে পালিয়ে যায়।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রিপন আলী জানান, এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান শেষে শিক্ষকরা অফিস কক্ষে ফিরে আসেন। পরীক্ষার্থীদের প্রবেশপত্র বিতরণের প্রস্তুতি চলছিলো। অন্য শিক্ষার্থীদের চিৎকারে বাইরে গিয়ে ওই ছাত্রকে স্কুলপ্রাঙ্গণে পড়ে থাকতে দেখা যায়। সাথে সাথে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয় শিক্ষকরা।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন জানান, এসএসসি পরীক্ষার্থী মাহবুবুর বেলা ১২টার পরপরই একটি মোটরসাইকেলযোগে বিদ্যালয়ে যায়। এরপরই তিন কিশোর ধারালো অস্ত্র নিয়ে বিদ্যালয় চত্বরে যায় এবং প্রকাশ্যে মাহবুবুরকে কুপিয়ে জখম করে। মুমুর্ষ অবস্থায় তাঁকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

ইত্তেফাক/জেডএইচডি