মিঠুন না পারলেও ডানেডিনে মুশফিকের খেলার আশা

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০১৯, ১৬:৫৪

হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্যে ডানেডিনে নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ ম্যাচে খেলতে পারছেন না মো. মিঠুন। যিনি প্রথম দুই ম্যাচে সবচেয়ে সফল ব্যাটসম্যান ছিলেন। চোটগ্রস্ত বাংলাদেশের জন্য আশার আলো একটু পাওয়া গেছে। বুধবার সিরিজের শেষ ম্যাচে মুশফিকুর রহিমের খেলার ব্যাপারে আশাবাদী টিম ম্যানেজম্যান্ট। 

গত ১৫ ফেব্রুয়ারি তিন ম্যাচ সিরিজের দ্বিতীয়টিতে ক্রাইস্টচার্চে খেলার সময় হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েন মিঠুন। আর মুশফিকের পুরনো চোট ফের দেখা দেয়। দলের ম্যানেজার খালেদ মাসুদ জানিয়েছেন মুশফিকের চোট ততোটা গুরুতর নয়। তাই শেষ ম্যাচে একাদশে এই উইকেটরক্ষক ব্যাটসম্যানকে পাওয়ার ব্যাপারে তারা আশাবাদী। তবে আগের ‍দুই ম্যাচের হাফসেঞ্চুরিয়ান মিঠুনের সেরে ওঠতে অন্তত ১০/১২ দিন সময় লাগবে। 

খালেদ মাসুদ বলেন, ‘মিঠুনের সেরে ওঠতে ১০-১২ দিন সময় লাগবে। সে শেষ ওয়ানডেতে খেলতে পারছে না। তবে প্রথম টেস্ট শুরুর আগেই সুস্থ্য হয়ে ওঠবে বলে আমরা আশাবাদী।’ আগামী ২৮ স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্ট শুরু হবে। 

মুশফিকের পাজরে ব্যাথা রয়েছে। এর মধ্যে নিউজিল্যান্ড সফরে একমাত্র অনুশীলন ম্যাচ খেলতে গিয়ে কব্জিতে ব্যথা পান তিনি। এ অবস্থায় তার খেলার ব্যাপারে খালেদ মাসুদ বলেন, মুশফিকের অবস্থা খুবই ভাল। স্ক্যান করার পর আমরা কোনোকিছু পাইনি। সে আজ অনুশীলন করেনি। তবে আগামীকাল ম্যাচ শুরুর আগে কিছুটা ওয়ার্ম আপ করবে। সেখানে তার ফিটনেস লেভেলটা দেখব। আশা করছি সে কাল খেলতে পারবে। 

ইত্তেফাক/কেআই