আগ্রাসন কমলে ক্রিকেট ছেড়ে দেবেন কোহলি

আপডেট : ০৯ নভেম্বর ২০২১, ১৬:৪৫

ক্রিকেট মাঠে বিরাট কোহলির চারিত্রিক বৈশিষ্টই হলো আগ্রাসী মনোভাব। হোক সেটা আন্তর্জাতিক ম্যাচ কিংবা ঘরোয়া। প্রতিপক্ষ অস্ট্রেলিয়া কিংবা নামিবিয়া যেই হোক, কোহলির আগ্রাসনে কখনো কমতি থাকে না। তাইতো জানিয়েছেন, ক্রিকেটে যতদিন আছেন ততদিন তার এই আগ্রাসী মনোভাব থাকবেই। আর যেদিন এটা থাকবে না, সেদিন খেলাটাই ছেড়ে দেবেন।

গতকাল (৮ নভেম্বর) দুবাইয়ে খেলে ফেলেছেন অধিনায়ক হিসেবে শেষ টি-টোয়েন্টি ম্যাচ। তবে ওয়ানডে ও টেস্টে ভারতের অধিনায়ক থাকবেন কোহলি। টি-টোয়েন্টিও খেলে যাবেন নিয়মিত। ম্যাচ শেষে তাকে জিজ্ঞাসা করা হয়েছিল, টি-টোয়েন্টির অধিনায়কত্ব ছাড়ায় তার আগ্রাসী মনোভাব কমে যাবে কি না। জবাবে বিশ্বের অন্যতম সেরা এই ব্যাটার বলেন, অধিনায়কত্ব ছেড়েছেন কেবল চাপ কমানোর জন্য। তবে কমবে না আগ্রাসী মনোভাব।

বিরাট কোহলি বলেন, ‘অধিনায়কত্ব ছেড়ে এখন স্বস্তিবোধ করছি। ভারতীয় দলের অধিনায়ক হওয়া অবশ্যই সম্মানের। তবে সবকিছু যেন ঠিকঠাক চলে সেটা দেখতে হবে এবং আমার কাছে মনে হয়েছে, ওয়ার্কলোডের কারণে সৃষ্ট সমস্যা এড়াতে টি-টোয়েন্টি ফরম্যাটের অধিনায়কত্ব ছাড়ার এটাই উপযুক্ত সময়। গত ছয়-সাত বছর ধরে প্রচুর চাপ ছিল।’

আর আগ্রাসন কোনোদিন বদলাবে না জানিয়ে তিনি বলেন, ‘যেদিন এটি বদলে যাবে সেদিন আমি ক্রিকেট খেলাই ছেড়ে দেবো। অধিনায়ক হওয়ার আগেও এভাবেই আমি দলে অবদান রাখার চেষ্টা করতাম।’

ইত্তেফাক/টিএ