দেশকে মূল বিশ্বকাপ জেতাতে চান যুব বিশ্বকাপজয়ী হৃদয়

আপডেট : ০৯ নভেম্বর ২০২১, ১৭:২১

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের বাজে পারফরম্যান্সের কারণে কপাল খুলতে যাচ্ছে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলের কয়েকজন ক্রিকেটারের। তাদের মধ্যে একজন মিডলঅর্ডার ব্যাটার তৌহিদ হৃদয়। আসন্ন পাকিস্তান সিরিজেই তাকে জাতীয় দলে দেখা যেতে পারে। সেই লক্ষ্যে এরই মধ্যে মিরপুরে জাতীয় দলের টিম ডিরেক্টর ও বিসিবি পরিচালক খালেদ মাহমুদ সুজনের অধীনে অনুশীলন শুরু করেছেন।

মঙ্গলবার (৯ নভেম্বর) সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় জানিয়েছেন নিজের স্বপ্নের কথা। বলেছেন, যুব বিশ্বকাপ জয়ের অভিজ্ঞতা কাজে লাগিয়ে বাংলাদেশকে মূল বিশ্বকাপ জেতাতে চান। দলটির বাকি সদস্যদেরও একই স্বপ্ন।

তৌহিদ হৃদয় বলেন, ‘যতদিন ক্রিকেট খেলব ততদিনই যুব বিশ্বকাপ জয় আমাদের আত্মবিশ্বাস দেবে। কীভাবে বিশ্বকাপ জিততে হয় সেই কাজ আমরা ইতিমধ্যে করেছি এবং সুযোগ পেলে মূল বিশ্বকাপও জিততে চাই।’

অনুশীলনে তৌহিদ হৃদয় ও নাজমুল হোসেন শান্ত

অবশ্য, এমন অনেকেই আছেন যারা অনূর্ধ্ব-১৯ পর্যায়ে ভালো করেও পরবর্তীতে ঝড়ে পড়েছেন। এর মধ্যে বাংলাদেশের এনামুল হক বিজয় কিংবা ভারতের উন্মুক্ত চাঁদ অন্যতম। বিজয় ২০১২ সালের যুব বিশ্বকাপে সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন। আর একই আসরে উন্মুক্ত চাঁদের নেতৃত্বে ভারত শিরোপা জিতেছিল।

সেটি নিয়ে প্রশ্ন করলে হৃদয় বলেন, ‘মানুষ চাইলেই সব সম্ভব। আর এটা নির্ভর করছে আমরা কীভাবে চাই তার ওপর। আমরা সেরাটা দিয়ে জাতীয় দলে ঢুকার এবং পারফর্ম করার চেষ্টা করবো। অনেকের ক্ষেত্রে হয় আবার অনেকের ক্ষেত্রে হবে না। তবে আমরা সেরাটা দিয়েই চেষ্টা করবো ভালো করার।’

ইত্তেফাক/টিএ