অক্সফোর্ড–অ্যাস্ট্রাজেনেকার ৪৮ লাখ ডোজ টিকা উপহার পাচ্ছে বাংলাদেশ। সৌদি আরব ও পোল্যান্ড থেকে পাঠানো এই টিকাগুলো এই সপ্তাহের মধ্যেই দেশে পৌঁছাতে পারে। পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন মঙ্গলবার (৯ নভেম্বর) ফ্রান্স থেকে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এ তথ্য জানিয়েছেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘রিয়াদে আমাদের রাষ্ট্রদূত জানিয়েছেন, সৌদি আরবের বাদশাহ সালমান রিলিফ ফান্ড থেকে ১৪ লাখ ৯৯ হাজার ২৭০ (১ দশমিক ৫ মিলিয়ন) ডোজ অ্যাস্ট্রাজেনেকা টিকা বিনামূল্যে পাচ্ছি। দুই-তিন দিনের মধ্যে এই টিকার চালান বাংলাদেশে পৌঁছাবে বলে সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে।’
পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, বাংলাদেশকে প্রায় ৩৩ লাখ (৩ দশমিক ৩ মিলিয়ন) ডোজ করোনার টিকা বিনা মূল্যে দেবে পোল্যান্ড। এই টিকাও খুব দ্রুত চলে আসবে। ইউরোপীয় ইউনিয়নের মাধ্যমে পোল্যান্ড এই টিকা বাংলাদেশকে দিচ্ছে।
