৪০ কেজি গাঁজাসহ কদমতলীতে গ্রেফতার ৩

আপডেট : ১০ নভেম্বর ২০২১, ১২:৫১

রাজধানীর কদমতলী থানা এলাকা থেকে গাঁজাসহ তিন জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা রমনা বিভাগ। মঙ্গলবার (৯ নভেম্বর) বিকেল  ৩টা ৫৫ মিনিটে  কদমতলী থানার মাতুয়াইল মেডিকেল রোড, মেসার্স সান্টু ফিলিং ষ্টেশন এর সামনে থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

এ সময় পুলিশের উপস্থিতি বুঝতে পেরে পালানোর সময় ৪০ কেজি গাঁজা ও মাদক বহনে ব্যবহৃত একটি প্রাইভেটকারসহ তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- সোহেল, মাসুদ রানা ও আবু হানিফ। এ সময় তাদের কাছ থেকে ৪০ কেজি গাঁজা ও একটি প্রাইভেটকার জব্দ করা হয়।

বুধবার (১০ অক্টোবর) ডিবি রমনা বিভাগের ধানমন্ডি জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ ফজলে এলাহী এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মঙ্গলবার বিকেলে গোপন সংবাদ আসে কদমতলী থানার মাতুয়াইল মেডিকেল রোড এলাকায় কয়েকজন মাদক কারবারি গাঁজা কেনাবেচা করছে। সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতাররা কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে ঢাকা মহানগর ও আশপাশের এলাকায় বিক্রয় করত বলে জানান তিনি। 

ডিএমপির কদমতলী থানায় গ্রেফতারদের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে।

ইত্তেফাক/কেএইচ