সিদ্ধিরগঞ্জে ভুয়া পুলিশ কর্মকর্তা আটক

আপডেট : ১০ নভেম্বর ২০২১, ১৩:১৭

সিদ্ধিরগঞ্জে পূর্ব নিমাইকাশরী এলাকা থেকে মো. জাহিদুল ইসলাম সবুজ নামের এক ভুয়া পুলিশ কর্মকর্তাকে আটক করেছে র‌্যাপিড একশন ব্যাটালিয়ন (র‌্যাব)। সোমবার (৮ নভেম্বর) দুপুর ৩টার দিকে সবুজকে আটক করা হয়। আটক হওয়া সবুজ ওই এলাকার মৃত বেলায়েত হোসেনের ছেলে।

 তার বিরুদ্ধে এসআই পরিচয়ে জনসাধারণের কাছে প্রভাব বিস্তার ও ভয়ভীতি প্রদর্শন করে ব্যক্তিগতস্বার্থ আদায়ের অভিযোগ রয়েছে।

 মঙ্গলবার (৯ নভেম্বর) দিনগত রাতে র‌্যাব-১১ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আটক ব্যক্তি নিজেকে নারায়ণগঞ্জের আড়াইহাজার থানায় কর্মরত এসআই সজিব হিসেবে পরিচয় দিতো। প্রাথিমক জিজ্ঞাসাবাদে সে র‍্যাবের কাছে স্বীকার করে, নিজেকে পুলিশ কর্মকর্তা প্রমাণের জন্য পুলিশের পোশাক পরে ছবি তুলতো। এছাড়া পুলিশ লেখা বুলেটপ্রুফ জ্যাকেট ও ওয়াকিটকি সেট নিয়ে নানা ভঙ্গিমায় ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করতো। 

এছাড়া নিজেকে পুলিশ কর্মকর্তাপরিচয় দিয়ে একাধিক নারীর সঙ্গে অন্তরঙ্গ সম্পর্ক গড়ে ব্ল্যাকমেইল করার জন্য মোবাইলে তাদের স্পর্শকাতর ছবি ধারণ করতো বলেও প্রাথমিক তদন্তে জানা গেছে। সে মুঠোফোনে বিভিন্ন ব্যক্তিকে এসআই সজি পরিচয় দিয়ে নানা প্রকার হুমকি দিতো। এমন বেশকিছু কল রেকর্ড র‌্যাব উদ্ধার করেছে। 

তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

ইত্তেফাক/কেএইচ