ময়মনসিংহের ত্রিশালে ত্রিশাল-বালিপাড়া রোডের রামপুর এলাকায় বালুভর্তি ট্রাক ও সিএনজির সংঘর্ষে ঘটনাস্থলেই ২ জন ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর আরও ২ জনের মৃত্যু হয়।
ত্রিশাল ফায়ার সার্ভিস, ত্রিশাল থানা পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বুধবার (১০ নভেম্বর) সকাল সাড়ে ৮টায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- সিএনজি অটোরিকশার চালক রামপুর গ্রামের আবদুল হেকিমের ছেলে আব্দুস সাত্তার (৪০), উপজেলার সাখুয়া ইউনিয়নের বাবুপুর গ্রামের কলিমউদ্দিন (৭০), আজহারুল হকের স্ত্রী মিনা বেগম (৪৫) ও আব্দুর রহমানের ছেলে সোহরাব উদ্দিন (৫০)।
ত্রিশাল ফায়ার সার্ভিস অফিসের স্টেশন অফিসার রিয়াজ উদ্দিন জানান, ঘটনাস্থলেই দুইজন নিহত হয় এবং আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করি।
ত্রিশাল থানার এস.আই আমিনুল ইসলাম জানান, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর দুইজনের মৃত্যু হয়।
ত্রিশাল থানার ওসি মাইন উদ্দিন জানান, ত্রিশাল উপজেলা সদর থেকে সিএনজিচালিত অটোরিকশাটি যাত্রী নিয়ে বালিপাড়া যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা বালুভর্তি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজন মারা যায়। বাকি আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসাধীন অবস্থায় মিনা ও সোহরাব উদ্দিন মারা যায়। তিনি আরও জানান, ঘটনার পরপর ট্রাকচালক পালিয়ে গেছে। তবে ট্রাকটি আটক করা হয়েছে।
