পুঁজিবাজারে সূচকের বড় উত্থান 

আপডেট : ১১ নভেম্বর ২০২১, ০৮:৫৮

দেশের পুঁজিবাজারে গতকাল বুধবার সব ধরনের সূচকের বড় উত্থান হয়েছে। অধিকাংশ কোম্পানির শেয়ার ও ইউনিট দর বেড়েছে। একই সঙ্গে বেড়েছে লেনদেনের পরিমাণ। এনিয়ে টানা দুই দিন সূচক ঊর্ধ্বমুখী হলো। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স গতকাল ১১৪ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৯৮২ দশমিক ১৮ পয়েন্টে উঠে এসেছে। ডিএসইর অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ২৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ৪৭৮ পয়েন্টে এবং বাছাই করা প্রতিষ্ঠান নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক ৪৪ দশমিক ৭১ পয়েন্ট বেড়ে ২ হাজার ৬৬০ দশমিক ৭৪ পয়েন্টে অবস্থান করছে।

ডিএসইতে লেনদেন হয়েছে ১ হাজার ১৬৩ কোটি টাকার। আগের কার্যদিবস মঙ্গলবার লেনদেন হয়েছিল ১ হাজার ৭ কোটি ৭৫ লাখ টাকা। গতকাল ডিএসইতে লেনদেন হওয়া ৩৭৫টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ৩০১টির, কমেছে ৪৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৩১টি শেয়ার দর। গতকাল লেনদেনের শীর্ষে ছিল বেক্সিমকো লিমিটেড, অরিয়ন ফার্মা, লাফার্জহোলসিম বাংলাদেশ, বেক্সিমকো ফার্মা, আইএফআইসি ব্যাংক, কাট্টালী টেক্সটাইল, আলিফ ম্যানুফেকচারিং, ডেলটা লাইফ ইনসিওরেন্স, এনআরবিসি ব্যাংক ও সাইফ পাওয়ার।  

এদিকে, দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৩৬০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২০ হাজার ৪৫৮ পয়েন্টে, সিএসই ৫০ সূচক ২৭ পয়েন্ট বেড়ে ১ হাজার ৫৩৯ পয়েন্টে এবং সিএসসিএক্স সূচক ২১৭ পয়েন্ট বেড়ে ১২ হাজার ২৯২ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে লেনদেন হয়েছে ৩৪ কোটি ২২ লাখ টাকার। লেনদেন হওয়া ২৮২ প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ২২৮টির, কমেছে ২৯টির এবং অপরিবর্তিত রয়েছে ২৫টির শেয়ারের দর।

ইত্তেফাক/কেকে