লক্ষ্মীপুরের রায়পুরে এক ইউপি সদস্য প্রার্থীর ভাইয়ের বাড়িতে হামলা ও মারধর করার অভিযোগ উঠেছে। বুধবার (১০ নভেম্বর) গভীর রাতে উপজেলার দক্ষিণ চর আবাবিল ইউনিয়নের দক্ষিণ গাইয়ারচর গ্রামে এ ঘটনা ঘটে।
ওই ওয়ার্ডের প্রার্থী তাজল ইসলাম মনোনয়নপত্র প্রত্যাহার না করায় অপর প্রার্থী জসিম মাতাব্বারের ভাই গোলাপ হোসেনের নেতৃত্বে ৮/১০ জন যুবক এ সশস্ত্র হামলা করে বলে ক্ষতিগ্রস্তদের অভিযোগ।
প্রার্থী তাজল ইসলাম, তার ভাই মমিনুল ইসলাম ও মফিজুল ইসলাম জানান, গত কয়েকদিন ধরে প্রার্থিতা প্রত্যাহারের জন্য জসিম মাতাব্বর ২০-২৫ বার লোকজন নিয়ে এসে হুমকি দিয়ে যান। আতঙ্কে বাড়ি ছাড়েন তাজল ইসলাম। বুধবার রাত প্রায় ১০টার দিকে মমিনুল বাজার থেকে ফেরার পথে তাকে মারধর করে গায়ের জামা ছিঁড়ে ফেলা হয়। হামলা করা হয় মফিজুল ইসলামের বাড়িতে। বাড়ির গেটে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়। আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো এলাকায়।
অভিযোগের বিষয়ে জাফর মাতাব্বর বলেন, কে বা কারা হামলা ও মারধরের ঘটনা ঘটিয়েছে তা আমার জানা নেই। আমার ভাই বা আমি এ ধরণের ঘটানর সঙ্গে জড়িত নই। তাজল ইসলাম হঠাৎ করে এসে প্রার্থিতা ঘোষণা করে আমাকে ক্ষতিগ্রস্ত করতে চাচ্ছে। তাকে প্রত্যাহারের জন্য অনুরোধ করা হলেও তিনি তা শুনেননি।
হায়দরগঞ্জ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) শিমুল বড়ুয়া বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলা হয়েছে। তারা লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
