অ্যাস্টন ভিলার নতুন কোচ জেরার্ড

আপডেট : ১১ নভেম্বর ২০২১, ২১:৩৮

স্কটিশ ক্লাব রেঞ্জার্স ছেড়ে ইংল্যান্ডে পাড়ি জমালেন ইংলিশ কিংবদ্বন্তী স্টিভেন জেরার্ড। তবে লিভারপুল নয়, কোচ হিসেবে অ্যাস্টন ভিলার ডাগ আউটেই দেখা যাবে সাবেক এই মিডফিল্ডারকে। চলতি মৌসুমে করুণ পারফরম্যান্সের কারণে গত ৭ নভেম্বর ডিন স্মিথকে বরখাস্ত করেছে ভিলা। তার পরিবর্তে সাড়ে তিন বছরের চুক্তিতে জেরার্ডকে এনেছে ক্লাবটি। সেটাও রেঞ্জার্সকে ৪ মিলিয়ন পাউন্ড ক্ষতিপূরণ দিয়ে।

চলতি মৌসুমে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের ১৬-তে আছে ভিলা। তাই জেরার্ডের জন্য চ্যালেঞ্জটা কঠিনই বটে। তিনি বলেছেন, 'ইংলিশ ফুটবলের সমৃদ্ধ ইতিহাস ও ঐতিহ্যের একটি ক্লাব হলো অ্যাস্টন ভিলা। এ ক্লাবের প্রধান কোচ হতে পেরে আমি অত্যন্ত গর্বিত। তাদের (সহ-মালিক) নাসেফ, ওয়েস এবং বোর্ডের বাকি সদস্যদের সঙ্গে কথোপকথনের পর এটা স্পষ্ট যে তাদের পরিকল্পনা কতটা উচ্চাভিলাষী। আমি তাদের লক্ষ্য অর্জনে সাহায্য করার জন্য মুখিয়ে আছি।'

স্টিভেন জেরার্ড

৪১ বছর বয়সী জেরার্ড খেলোয়াড়ী জীবনের পুরোটাই (১৭ মৌসুম) কাটিয়েছেন লিভারপুলে। খেলেছেন ৫০০- এর বেশি ম্যাচ। প্রিয় ক্লাবেরই বিপক্ষে এখন পরিকল্পনা সাজাতে হবে জেরার্ডকে।

ইত্তেফাক/টিএ