বরগুনা সদর উপজেলার এম বালিয়াতলী ইউনিয়ন পরিষদ নির্বাচনে সমান ভোট পেয়েছেন আওয়ামী লীগ ও স্বতন্ত্র প্রার্থী। আজ বৃহস্পতিবার (১১ নভেম্বর) অনুষ্ঠিত দ্বিতীয় ধাপের নির্বাচনে আনারস প্রতীকে স্বতন্ত্র প্রার্থী ও নৌকা প্রতীকে আওয়ামী লীগ প্রার্থী উভয়ই ৫ হাজার ৭০০ ভোট পেয়েছেন। ফলে এ ইউনিয়নে কাউকে বিজয়ী ঘোষণা করা হয়নি।
জানা যায়, এম বালিয়াতলী ইউনিয়নে নৌকা প্রতীকে অ্যাডভোকেট নাজমুল ইসলাম নাসির নয়টি কেন্দ্রে ৫ হাজার ৭০০ ভোট পেয়েছেন। আর স্বতন্ত্র প্রার্থী এম এ বারী বাদলও আনারস প্রতীকে পেয়েছেন মোট ৫ হাজার ৭০০ ভোট। এছাড়া অপর স্বতন্ত্র প্রার্থী গোলাম সরোয়ার শাহীন পেয়েছেন ৫১০০ ভোট। রিটার্নিং কর্মকর্তা নাজমুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন। ফলে এ ইউনিয়নের নির্বাচনে ফলাফল অমীমাংসিত রয়েছে।
রিটার্নিং কর্মকর্তা নাজমুল হাসান বলেন, প্রার্থীরা পুনঃগণনার আবেদন না করলে শুধু চেয়ারম্যান পদে আবারও নির্বাচন অনুষ্ঠিত হবে।
এম বালিয়াতলী ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ২২ হাজার ৮৭১ জন। এর মধ্যে নারী ভোটার ১১ হাজার ৫১২ জন এবং ১১ হাজার ৩৫৯ জন পুরুষ ভোটার। নয়টি কেন্দ্রে মোট ১৬ হাজার ৬৬২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে ১৬২ ভোট বাতিল হয়। এখানে চেয়ারম্যান পদে তিনজন, সংরক্ষিত নারী ও সাধারণ সদস্য পদে মোট ৫৪ জন প্রতিদ্বন্দ্বীতা করেন।
