রাজধানীর রমনা এলাকায় অভিযান চালিয়ে অ্যাম্বুলেন্সে গাঁজা বহনকালে গাঁজাসহ পাঁচজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর গোয়েন্দা তেজগাঁও বিভাগ। বৃহস্পতিবার (১১ নভেম্বর) সন্ধায় রমনা মডেল থানার ওয়ারলেস মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
এসময় গাঁজা বহন কাজে ব্যবহৃত এ্যাম্বুলেন্স জব্দ করা হয়।
গ্রেফতারকৃতদের নাম- মো. রাজু মিয়া, মোঃ মুরাদ, মো. সজিব মিয়া, মো. সারোয়ার হোসেন ও মো. মুন্না ।
শুক্রবার (১২ নভেম্বর) সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে এ তথ্য নিশ্চিত করে।
গোয়েন্দা তেজগাঁও বিভাগের সহকারী পুলিশ কমিশনার জনাব রাজন কুমার সাহা বিষয়টি নিশ্চিত করে বলেন, কতিপয় মাদক ব্যবসায়ী অ্যাম্বুলেন্সে করে গাঁজা এনে রাজধানীর ওয়ারলেস মোড় এলাকায় অবস্থান করছে মর্মে গোপন সংবাদ পাই। এমন সংবাদের ভিত্তিতে উক্ত স্থানে অভিযান চালিয়ে অবস্থানরত একটি অ্যাম্বুলেন্সে তল্লাশি করে ৩২ কেজি গাঁজা উদ্ধারসহ পাঁচজনকে গ্রেফতার করা হয়।
এ সংক্রান্তে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে রমনা মডেল থানায় মামলা রুজু হয়েছে মর্মে গোয়েন্দা এ কর্মকর্তা জানান।
ইত্তেফাক/ কেএইচ
