ভোলার লালমোহনে জলেখা বেগম (২২) নামের এক গৃহবধূকে নির্যাতনের পর পুকুরে ডুবিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।
বৃহস্পতিবার (১১ নভেম্বর) রাতে উপজেলার চরভুতা ইউনিয়নের ৪নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে। নিহত গৃহবধূ জলেখা বেগম ওই এলাকার রাজ মিস্ত্রি শাকিলের স্ত্রী।
শুক্রবার (১২ নভেম্বর) সকালে লাশ উদ্ধার করে ভোলা মর্গে পাঠিয়েছে পুলিশ। এ ঘটনায় লালমোহন থানায় অপমৃত মামলা হয়েছে।
নিহতের ভাই আরিফ জানান, জলেখার স্বামী শাকিল মাদকাসক্ত। টাকার দাবিতে প্রতিদিনই জলেখাকে মারধর করতো শাকিল। সকালে প্রতিবেশীদের মাধ্যমে আমাদের জানানো হয়, জলেখা পুকুরে ডুবে মারা গেছে। কিন্তু জলেখার মাথা ও শরীরের বিভিন্নস্থানে মারপিটের দাগ রয়েছে। আরিফের দাবি, তার বোনকে নির্যাতনের পর পুকুরে ডুবিয়ে মেরে ফেলেছে শাকিল।
তবে অভিযোগ অস্বীকার করে জলেখার স্বামী শাকিল জানিয়েছে, রাতে তারা একই বিছানায় ঘুমিয়ে ছিলো। রাত দশটার পর ঘুমের বিছানা থেকে জলেখা নিখোঁজ হলে সকালে পুকুর ঘাটে খুঁজে তার লাশ পাওয়া যায়।
ঘটনার তদন্তকারী কর্মকর্তা লালমোহন থানার এসআই হাসান মাহামুদ জানান, লাশের মাথায় ফুলা জখম রয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।
