সম্প্রতি তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) ও তেহরিক-ই-লাব্বাইক পাকিস্তানের (টিএলপি) সঙ্গে আলোচনায় বসে দেশটির সরকার। এই নমনীয়তা খুব শীঘ্রই আন্তর্জাতিক উদ্বেগে পরিণত হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। এখবর দিয়েছে লাস্টলি ডট কম।
প্রতিবেদনে বলা হয়, গত শুক্রবার টিটিপির সঙ্গে অস্থায়ী চুক্তি করেছে ইমরান খানের সরকার। অফিশিয়ালি গত এক দশকে এই দলের সহিংসতায় ৭০ হাজার মানুষ হতাহত হয়েছে। টিটিপি প্রতিবেশী আফগানিস্তানের উপজাতীয় সীমান্ত এলাকা থেকে কাজ করছে।
কয়েক সপ্তাহের বিক্ষোভের পর ইমরান খান সরকার টিএলপিকেও বৈধতা দিয়েছে। ইসলামাবাদ টিএলপির বেশ কয়েকজন আটক কর্মীকেও মুক্তি দিয়েছে। এরা সহিংস বিক্ষোভের অভিযোগে আটক ছিল। দলটি তাদের প্রধান সাদ রিজভির মুক্তি এবং ফরাসি রাষ্ট্রদূতকে অপসারণেরও দাবি জানিয়েছে।
