চাটমোহরে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ আহত ১০

আপডেট : ১২ নভেম্বর ২০২১, ২২:০৮

পাবনার চাটমোহর উপজেলার নিমাইচড়া ইউনিয়নের চিনাভাতকুর গ্রামে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ ১০ জন আহত হয়েছেন। এরমধ্যে গুরুতর আহত ৭ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। শুক্রবার (১২ নভেম্বর) সকালে উপজেলার নিমাইচড়া ইউনিয়নের চিনাভাতকুর গ্রামে এই ঘটনা ঘটে।  চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আনোয়ার হোসেন এই তথ্য নিশ্চিত করেন।

আহতরা হলেন, খলিল হোসেনের ছেলে মোস্তফা (৩৫), মফিজ উদ্দিন (৩০), আব্দুল মতিন (৪২), মৃত শীতল প্রামানিকের ছেলে সাইদুল ইসলাম (৫০), সাইদুল ইসলামের ছেলে ভোলা প্রাং (৩২), মৃত ইরাদ আলীর ছেলে হযরত আলী (৬০) ও ভোলা প্রামানিকের স্ত্রী খুশি খাতুন (২০)। তাদের বাড়ি চিনাভাতকুর গ্রামে। আহতরা একে অন্যের আত্মীয়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, চিনাভাতকুর গ্রামের মৃত ইরাদ আলী দুই ছেলে খলিল হোসেন ও হযরত আলীর মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। এরই জের ধরে উভয়ের মধ্যে শুক্রবার সকালে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে হযরত গং খলিল গংদের ওপর হামলা করে। তাদের চিৎকারে অন্যরা এগিয়ে আসলে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষে বাঁধে। এতে অন্তত ১০জন আহত হয়। গুরুতর আহত ৭ জনকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

নিমাইচড়া ইউপি চেয়ারম্যান এএইচএম কামরুজ্জামান খোকন বলেন, ‘জমি নিয়েই এই ঘটনা ঘটে বলে জেনেছি।’

 ওসি বলেন, ‘এই বিষয়ে অভিযোগ পেয়েছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

ইত্তেফাক/এনই