দিনাজপুরের নবাবগঞ্জে ট্রাক্টর ও অটোরিকশার সংঘর্ষে প্রাণ গেলো বাবা ও ছেলের। শুক্রবার (১২ নভেম্বর) বিকেল ৫টার সময় উপজেলার বিনোদনগর ইউনিয়নের গাজীপুর গ্রামের পাকা রাস্তার ওপর এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, উপজেলার বল্লভপুর গ্রামের আশরাফুল ইসলামের ছেলে কবিরুল ইসলাম (৩৫) ও তার শিশু ছেলে কাওছার হোসেন (৮)।
নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস ওয়াহিদ এই তথ্য নিশ্চিত করেন।
ওসি জানান, আত্মীয় বাড়ি থেকে সপরিবার নিয়ে অটোবাইক যোগে বল্লভপুর গ্রামে নিজ বাড়ি যাচ্ছিলেন। এই সময় অটোরিকশাকে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টর ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই শিশু কাওছার মারা যায়। পরে স্থানীয়রা কবিরুল ইসলাম ও তার স্ত্রী, মেয়ে ও নবজাতক শিশুকে উদ্ধার করে দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে কবিরুর ইসলামের মৃত্যু হয়।
এ ঘটনায় বালু বোঝায় ট্রাক্টরটি জব্দ করা হয়েছে বলে জানান ওসি। তিনি আরও জানান, চালকসহ অন্যরা পালিয়ে গেছেন। নিহতের পরিবার বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছে।
