তিন নাটক মঞ্চায়ন 

আপডেট : ১৩ নভেম্বর ২০২১, ০৬:২৪

রাজধানীর তিন মিলনায়তনে বৃহস্পতিবার মঞ্চস্থ হয় তিনটি নাটক। এর মধ্যে শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে মঞ্চায়ন হয় প্রাঙ্গণেমোর প্রযোজিত নাটক ‘কনডেমড সেল’, পরীক্ষণ থিয়েটার হলে মঞ্চায়ন হয় এম্পটি স্পেস থিয়েটারের ‘এ নিউ টেস্টামেন্ট অব রোমিও এন্ড জুলিয়েট’ আর বেইলি রোডের মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে মঞ্চায়ন হয় নাট্যচক্রের ‘একা এক নারী’। তবে, এই তিন নাটকের মধ্যে দর্শকদের আকৃষ্ট করেছে এম্পটি স্পেস থিয়েটারের ‘এ নিউ টেস্টামেন্ট অব রোমিও অ্যান্ড জুলিয়েট’।

উইলিয়াম শেক্সপিয়ারের ‘দ্য ট্রাজেডি অব রোমিও অ্যান্ড জুলিয়েট’ এর আখ্যানকে প্রশ্নবিদ্ধ করে রচিত হয়েছে ‘এ নিউ টেস্টামেন্ট অব রোমিও এন্ড জুলিয়েট’ এর কাহিনী। সাইমন জাকারিয়া রচিত এই নাটকটির নির্দেশনায় ছিলেন নূর জামান রাজা।

নাটকটির কেন্দ্রীয় চরিত্র এক জন কবি, যিনি পূর্ণিমা রাতে কবরস্থানে এসে ফুলের গন্ধে মাতাল হন আর নিষ্ঠা প্রেমের গান করেন। তার এই গান শুনে সেই জায়গায় এসে হাজির হয় রোমিও আর জুলিয়েট। এভাবেই চলতে থাকে নাটকের ঘটনা। আর এই ঘটনাচক্রে এক পর্যায়ে উপস্থিত হয় ফাদার ফ্রায়ার এবং সবশেষে শেক্সপিয়ার। টানটান উত্তেজনা ও নানা নাটকীয়তার মধ্য দিয়ে এগিয়ে যায় ‘এ নিউ টেস্টামেন্ট অব রোমিও এন্ড জুলিয়েট’ গল্প। বিভিন্ন চরিত্রে অভিনয় করেন-গোলাম শাহরিয়ার সিক্ত, স্বাধীন বিশ্বাস, নুরজামান রাজা, লোবা আহম্মেদ, নাসিমুল হোসাইন বাঁধন, বাপ্পি সরদার, শুভ্র আহম্মেদ, আরিফুল ইসলাম প্রমুখ।

অন্যদিকে, ‘এ উমেন এলোন’ গল্প অবলম্বনে অধ্যাপক আবদুস সেলিম অনূদিত নাট্যচক্রের ‘একা এক নারী’র নির্দেশনায় ছিলেন দেব প্রসাদ দেবনাথ। একক এই নাটকটিতে অভিনয় করেন তনিমা হামিদ। আর প্রাঙ্গণেমোর প্রযোজিত অনন্ত হিরা রচিত ‘কনডেমড সেল’ নাটকটির নির্দেশনায় ছিলেন আউয়াল রেজা। নাটকটিতে অভিনয় করেন-নুনা আফরোজ, অনন্ত হিরা, আউয়াল রেজা, রামিজ রাজু, জাহিদুল ইসলাম, মাইনুল তাওহীদ, সবুক্তগীন শুভ, শুভেচ্ছা, সুজন,তুহিন, সুজন, প্রকৃতি প্রমুখ।

ইত্তেফাক/বিএএফ