পীরগাছায় নির্বাচন পরবর্তী সহিংসতায় নিহত ১ 

আপডেট : ১৩ নভেম্বর ২০২১, ১৯:৩১

রংপুরের পীরগাছায় নির্বাচন পরবর্তী সহিংসতায় আব্দুর রহিম (৪০) নামে একজনের মৃত্যু হয়েছে।  শুক্রবার (১২ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার অন্নদানগর ইউনিয়নের পঞ্চানন গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এই ঘটনায় শনিবার দুপুরে পীরগাছা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়,  পীরগাছা উপজেলার অন্নদানগর ইউনিয়নে ৪ নম্বর ওয়ার্ডের সাধারণ সদস্য পদে বিজয়ী প্রার্থী রিয়াজুল ইসলাম ও পরাজিত প্রার্থী  রফিকুল ইসলামের সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে।  ধাওয়া পাল্টা ধাওয়ার এক পর্যায়ে জয়ী ইউপি সদস্য রিয়াজুল ইসলামের সমর্থক আব্দুর রহিম দৌঁড়ে পালানোর সময় মাটিতে পড়ে যায়। আব্দুর রহিমকে উদ্ধার করে মুমূর্ষু অবস্থায় রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করার পর শুক্রবার রাত ৯ টার দিকে তার মৃত্যু হয়। 

পীরগাছা থানার ওসি জানান, এ ঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্টের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। 

ইত্তেফাক/এনই