হঠাৎ কদর বেড়েছে আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মীর 

আপডেট : ১৩ নভেম্বর ২০২১, ২০:১০

চতুর্থ ধাপের ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে ইতোমধ্যে। সোমবার পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার ৪ ইউনিয়নে আওয়ামী লীগের নৌকা মনোনয়ন-প্রত্যাশীদের বাছাই প্রক্রিয়া অনুষ্ঠিত হবে। শুক্রবার  (১২ নভেম্বর) দিবাগত রাতে উপজেলা আওয়ামী লীগের এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এদিকে, মনোনয়ন-প্রত্যাশীদের কাছে তৃণমূল নেতাকর্মীদের হঠাৎ কদর বেড়ে গেছে কয়েকগুণ।  

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, শনিবার ও রবিবার সকাল ১০ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলা আওয়ামী লীগের দপ্তর শাখা থেকে ফরম বিতরণ করা হবে। এরপর প্রয়োজনীয় কাগজপত্রসহ ওই মনোনয়নপত্র জমা গ্রহণ করা হবে। এতে আরও বলা হয়েছে, তৃণমূলের বাছাই প্রক্রিয়া সোমবার সকাল ৯ টায় চরমোন্তাজ ও চালিতাবুনিয়া ইউনিয়নের হালিমা খাতুন মহিলা কলেজে, দুপুর ১২টায় রাঙ্গাবালী ইউনিয়নের উপজেলা পরিষদ চত্বরে এবং দুপুর ১ টায় ছোটবাইশদিয়া ইউনিয়নের গহিনখালী বাজার আশ্রয়কেন্দ্রে অনুষ্ঠিত হবে। 

উপজেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক অধ্যাপক সালাহ্ উদ্দিন আহম্মেদ স্বাক্ষরিত এই বিজ্ঞপ্তির শেষাংশে বলা হয়, প্রার্থী বাছাই প্রক্রিয়ার বর্ধিত সভায় নিজ নিজ ইউনিয়ন কমিটি, ওয়ার্ড কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়া অন্য কেউ অংশ নিতে পারবেন না।  

এদিকে, মাঠ গোছানোর চেয়ে দলীয় মনোনয়ন নিশ্চিত করতে জোর দিচ্ছেন মনোনয়ন-প্রত্যাশীরা। এতে মনোনয়ন-প্রত্যাশীদের কাছে কদর বেড়েছে দলের তৃণমূল নেতাকর্মীদের। তৃণমূল ভোটারদের মনজয়ের চেষ্টায় তারা এখন মরিয়া। তবে তৃণমূল নেতাকর্মীদের অনেকেই ক্ষোভ প্রকাশ করে জানান, এতদিন যারা তাদের খোঁজ নেননি, তারাও এখন ঘনঘন যোগাযোগ করছেন।    

জানা গেছে, ভোটের আগে এখন তৃণমূল নেতাকর্মীদের মনজয়ের চেষ্টা করছেন মনোনয়ন প্রত্যাশীরা। নৌকার টিকিট পেতে যোগাযোগ বাড়িয়ে দিয়েছেন জেলা ও কেন্দ্রীয় নেতাদের সঙ্গে। ছুটছেন নেতাকর্মীদের বাড়ি বাড়ি। স্থানীয় নেতাকর্মীরা বলছেন, নেতাকর্মীদের মূল্যায়ন বাড়াতে তৃণমূল ভোট হবে। আর তৃণমূল কর্মীদের ভোটের ফলের ভিত্তিতেই সম্ভাব্য প্রার্থী তালিকা কেন্দ্রে পাঠানো হবে।  চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কেন্দ্র।  

তৃণমূল প্রার্থী বাছাই প্রক্রিয়ার বর্ধিত সভার প্রস্তুতি চলছে বলে জানান উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক সাইদুজ্জামান মামুন। তারা আরও জানান, জেলা কমিটির নেতাদের উপস্থিতিতে এই বর্ধিত সভা অনুষ্ঠিত হবে। 

উল্লেখ্য, চতুর্থ ধাপে আগামী ২৩ ডিসেম্বর উপজেলার চারটি ইউপির ভোট অনুষ্ঠিত হবে। 

ইত্তেফাক/এনই