কক্সবাজারের টেকনাফে ‘গোলাগুলিতে’ মো. মামুন (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। রবিবার ভোরে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের ঝিমংখালী এলাকার নাফ নদীর বেড়িবাঁধে এ ঘটনা ঘটে।
মামুন উপজেলার মিনাবাজার এলাকার আবু ছিদ্দিকের ছেলে। ঘটনাস্থল থেকে এক লাখ ইয়াবা ও একটি এলজি উদ্ধার করা হয়েছে। মামুন মাদক কারবারে জড়িত বলে দাবি করেছে বিজিবি।
টেকনাফ-২ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান জানান, ইয়াবার চালান বাংলাদেশে প্রবেশ করবে- এমন খবরের ভিত্তিতে বিজিবির একটি টহলদল নাফ নদীর পাশে কেওড়াবাগানে অবস্থান নেয়। কিছুক্ষণ পর মিয়ানমারের দিক থেকে ৩-৪ জনের একটি দল নাফ নদী তীরে নামে। বিজিবির টহল দল তাদের চ্যালেঞ্জ করলে তারা গুলি ছোড়ে। এতে বিবিজির দুই সদস্য আহত হন। পরে বিজিবি পাল্টা গুলি ছুড়লে এক যুবক আহত হন। এ সময় অন্যরা পালিয়ে যায়। ওই যুবককে উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

‘ইনজেকশন পুশের পরই মৃত্যুর কোলে ঢলে পড়লো শিশু’