ইউপি নির্বাচন ঘিরে সংঘর্ষ: গুলিবিদ্ধসহ আহত ৪০

আপডেট : ১৪ নভেম্বর ২০২১, ১৮:৫১

শরীয়তপুর সদরের ডোমসার ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বিজয়ী ও পরাজিত মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই পক্ষের অন্তত ৪০ জন আহত হয়েছেন। রবিবার (১৪ নভেম্বর) দুপুরে ইউনিয়নের তেতুলিয়া এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটেছে।

শরীয়তপুর সদরের পালং মডেল থানা ও স্থানীয় সূত্র জানায়, গত ১১ নভেম্বর শরীয়তপুর সদরের ডোমসার ইউপির নির্বাচনে ৬ নম্বর ওয়ার্ডে সদস্য পদে নির্বাচিত হন আজগর আলী খান। তার সমর্থকদের নিয়ে দুপুরে এলাকায় শোডাউন করতে চাইলে পরাজিত সদস্য প্রার্থী মতিউর রহমান ছৈয়ালের সমর্থকরা বাঁধা দেন বলে অভিযোগ উঠে। এ ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষ দেশি অস্ত্র-শস্ত্র নিয়ে অবস্থান নিলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে।

দুপুর দুইটার দিকে চিতলিয়া ইটভাটার কাছে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে অন্তত ৫০টি ককটেল বোমার বিস্ফোরণ ঘটানো হয়। এতে দুই পক্ষের ৪০ ব্যক্তি আহত হন। 

পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আক্তার হোসেন বলেন, বিজয়ী ও পরাজিত মেম্বার প্রার্থীর সমর্থকরা জড়ো হয়েছে জেনে পুলিশ দুই পক্ষকে সরিয়ে নেওয়ার চেষ্টা করেছে। তারপরও তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে। সত্যতা যাচাই করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

ইত্তেফাক/এসআই