এক সময় টেলিভিশনের পর্দায় চোখ রাখলেই যেই প্রিয় মুখগুলোর দেখা মিলতো তাদের অন্যতম একজন মাহফুজ আহমেদ। শুধু নাটকের অভিনয়েই নয়, সিনেমাতেও অভিনয় করেছেন করেছেন। পরিচালনাতেও নিজেকে প্রমাণ করেছেন। কাজ করেছেন প্রযোজক হিসেবেও। বেশ কয়েক বছর ধরেই তিনি নেই কোথাও। তবে সুখবর হলো- আবারও অভিনয়ে ফিরছেন তিনি। তাকে দেখা যাবে ‘অন্তরালে’ ওয়েব ফিল্মে। ইত্তেফাক অনলাইনকে এ তথ্য নিশ্চিত করেছেন পরিচালক চয়নিকা চৌধুরী।
‘ব্লাক অ্যান্ড হোয়াইট’ প্রযোজনা সংস্থার ব্যানারে নির্মিত ‘অন্তরাল’ ওয়েব ফিল্মে অভিনয় করবেন পরীমণি ও তারিক আনাম খান।
চয়নিকা চৌধুরী বলেন, ‘এটা আনন্দের যে মাহফুজ আহমেদের সঙ্গে কাজ হতে যাচ্ছি। কয়েক মাস ধরেই কথা হচ্ছিল। শনিবার বিকেলে চুক্তিবদ্ধ হয়েছেন মাহফুজ। এবার নতুন ধারার কাজ। ওয়েব ফিল্ম। আরও আনন্দের বিষয় হলো আমার পরিচালনা দিয়ে অনেকদিন পর সে কাজে ফিরছে। আশা করছি সবাই তার অভিনয় উপভোগ করবেন।’
তিনি আরও জানান, মাহফুজ আহমেদের সঙ্গে কাজের ব্যাপারে আনুষ্ঠানিক চুক্তি হয়েছে। মাহফুজ এখানে ‘মনা’ চরিত্রে অভিনয় করবেন। চরিত্রটির পেছনে গল্প ভয়ংকর থাকলেও শুরুতে মনাকে রোমান্টিক চরিত্রে দেখা যাবে। জানুয়ারির মাঝামাঝি থেকে শুটিং শুরুর পরিকল্পনা রয়েছে।
মাহফুজ আহমেদ গণমাধ্যমকে বলেন, অভিনয়টাই তো আমার নেশা ও ভালো লাগার জায়গা। নানা কারণে কাজ করা হচ্ছিলো না। প্রায় তিন বছরের বিরতি। আবারও ফিরতে পেরে ভালো লাগছে। আশা করছি উপভোগ্য হবে এই কাজটা।’
ইত্তেফাক/বিএএফ

দিতির কবরে ওমর সানির শ্রদ্ধা