ধামরাইয়ে ট্রাক চাপায় নারী গার্মেন্টস কর্মীর মৃত্যু

আপডেট : ১৫ নভেম্বর ২০২১, ০২:১৭

ঢাকার ধামরাইয়ে কেলিয়া আঞ্চলিক সড়কে বেপরোয়া গতির একটি ট্রাকের চাপায় আফসানা বেগম (২২) নামে এক নারী গার্মেন্টস কর্মী নিহত হয়েছেন। তিনি ফকুটিয়া ওডিসি গার্মেন্টসে কাজ করতেন। ধামরাই উপজেলার কুল্লা ইউনিয়নের কেলিয়া গ্রামের আফজাল হোসেনের মেয়ে তিনি।

এ ঘটনায় স্থানীয়দের সহায়তায় ঘাতক ট্রাকটিকে জব্দ করা গেলেও চালককে আটক করা যায়নি। গতকাল রবিবার সকালে কেলিয়া আঞ্চলিক সড়কে আব্দুর রশিদের বাড়ির সামনে এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, গতকাল সকালে রিকশা যোগে অফিসে যাওয়ার পথে কেলিয়া গ্রামের আব্দুর রশিদের বাড়ির সামনে পৌঁছালে পেছন দিক থেকে বেপরোয়া গতির ঐ ট্রাক রিকশাটিকে ধাক্কা দিলে আফসানা ছিটকে পড়ে ট্রাকের পিছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে নিহত হন। এঘটনায় স্থানীয়রা ঘাতক ট্রাকটিকে আটক করে। কিন্তু ট্রাকের চালক দৌঁড়ে পালিয়ে যায়।

এ বিষয়ে ধামরাই থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক মোঃ আশরাফুল ইসলাম ট্রাক চাপায় আফসানার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

ইত্তেফাক/টিআর