৮ বছর প্রেমের পর বিয়ে করতে যাচ্ছেন সায়ন্তনী

আপডেট : ১৫ নভেম্বর ২০২১, ১৪:৫০

দীর্ঘ ৮ বছর প্রেম শেষে বিয়ে করতে যাচ্ছেন ভারতের টেলিভিশন অভিনেত্রী সায়ন্তনী ঘোষ। আগামী ৫ ডিসেম্বর কলকাতায় এ জুটির বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। হবু বর অনুরাগের শহর জয়পুরে হবে তাদের রিসেপশন। খুব কাছের বন্ধু এবং দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সারবেন তারা।

ভারতীয় একটি গণমাধ্যমকে সায়ন্তনী জানান, ‘আমি সবসময়ই চেয়েছি ছোট্ট, সাধারণ, ছিমছাম বিয়ে। আসলে অনুরাগ আর আমার সম্পর্কের সফরটাও একই রকম। বিয়েটা চুটিয়ে উপভোগ করতে চাই, বিয়ের ওই চাপটা নিতে চাই না।’

সায়ন্তনী ঘোষ ও তার হবু বর অনুরাগ। ছবি: সংগৃহীত

বিয়ের খাবার তালিকায় আর কিছু থাকুক বা না থাকুক দুটো জিনিস অবশ্যই রাখবেন সায়ন্তনী। আর তা হচ্ছে—পান আর আইসক্রিম। এ অভিনেত্রীর ভাষায়—‘ছোট থেকেই বিয়ে বাড়ির এ দুটি পদই আমার সবচেয়ে পছন্দের। তাই নিজের বিয়েতেও সেটা জমিয়ে খেতে চাই।’

বর্তমানে ‘তেরা ইয়ার হু মেয়’ ধারাবাহিকে কাজ করছেন সায়ন্তনী। শুটিংয়ের ব্যস্ততার কারণে মাত্র এক সপ্তাহের ছুটি পেয়েছেন নায়িকা।

সায়ন্তনী ঘোষ। ছবি: সংগৃহীত

সায়ন্তনী ‘কুমকুম-এক পেয়ার সা বন্ধন’, ‘নাগিন’, ‘মহাভারত’, ‘ইতনা করো না মুঝে পেয়ার’-এর মতো টিভি সিরিয়ালে অভিনয় করে খ্যাতি কুড়িয়েছেন। ২০১২ সালে কালার্স টিভিতে প্রচারিত জনপ্রিয় রিয়েলিটি শো বিগ বসের ৬ষ্ঠ আসরে একজন প্রতিযোগী তিনি। এতে ১৮তম স্থান অধিকার করেছিলেন সায়ন্তনী। এছাড়াও প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের লিডিং লেডি হিসেবে বেশ কিছু বাংলা চলচ্চিত্রে অভিনয় করেছেন সায়ন্তনী। এ তালিকায় রয়েছে—‘স্বপ্ন’, ‘রাজু আঙ্কেল’, ‘সংঘর্ষ’, ‘নায়ক’ প্রভৃতি।

ইত্তেফাক/বিএএফ