মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এন্টনি ব্লিংকেন ও ফরাসী পররাষ্ট্রমন্ত্রী জ্যাঁ ইভস লা দ্রিয়ান ইউক্রেনে রুশ সেনাবাহিনীর কর্মকাণ্ড নিয়ে আলোচনা করেছেন। রবিবার (১৪ নভেম্বর) মার্কিন পররাষ্ট্র দফরের মুখপাত্র নিড প্রাইস এ কথা জানিয়েছেন।
মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র নিড প্রাইস বলেন, শনিবার (১৩ নভেম্বর) উভয়ে ইউক্রেনের মধ্যে ও এর আশেপাশে রাশিয়ার সামরিক কর্মকাণ্ড বিষয়ক রিপোর্ট নিয়ে আলোচনার পাশাপাশি ইউক্রেনের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা বিষয়ে দেশ দুটির অব্যাহত কঠোর অঙ্গীকার নিয়েও কথা বলেন।
এছাড়া উভয় পররাষ্ট্রমন্ত্রী ইরানের পরমাণু কর্মসূচি মোকাবিলায় যৌথ প্রচেষ্টা নিয়েও আলোচনা করেছেন বলে নিড উল্লেখ করেন। ইউক্রেনের সঙ্গে সীমান্ত সংলগ্ন এলাকায় সম্প্রতি রাশিয়ার সামরিক তৎপরতায় উদ্বেগ প্রকাশ করেছে পশ্চিমা মিত্ররা।
কিয়েভ বলছে, দেশটির বিচ্ছিন্ন পূর্বাঞ্চলে শুক্রবার বিস্ফোরণে দুই ইউক্রেনীয় সৈন্য নিহত হয়।
একইসঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমের ভিডিওতে রাশিয়াকে ইউক্রেন সীমান্তে সৈন্য, ট্যাংক ও ক্ষেপণাস্ত্র পাঠাতে দেখা গেছে।
