ব্রিটেনের লিভারপুলে দেশটির স্থানীয় সময় রবিবার (১৪ নভেম্বর) সকালে একটি ট্যাক্সিক্যাবে বিস্ফোরণ ঘটে। এটা বোমা বিস্ফোরণ বলে ধারণা করা হচ্ছে। লিভারপুলের উইমেন্স হাসপাতালের পাশে ঘটে এ ঘটনা। বলা হচ্ছে, ট্যাক্সির ড্রাইভার ডেভিড প্যারি সবাইকে আরও ভয়াবহ কিছু ঘটার হাত থেকে বাঁচিয়েছেন। এসব জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।
প্রতিবেদনে বলা হয়, বিস্ফোরণ ঘটার মাত্র এক মিনিট আগে এক যাত্রী তুলে হাসপাতাল থেকে বেরোয় ট্যাক্সিটি। এরপর সামান্য এগিয়েই ড্রাইভার ডেভিড গাড়ি থেকে নেমে দরজা আটকে দেন। এরপরই বিস্ফোরণ ঘটে। প্যাসেঞ্জার গাড়িতেই মারা যান, তাকে এখনো শনাক্ত করা যায়নি। ট্যাক্সিচালকও এখন আহত অবস্থায় হাসপাতালে আছেন।
কর্তৃপক্ষ বলছে, সম্ভবত যাত্রীর কাছে বোমা আছে বা যাত্রী বোমা ফাটাতে যাচ্ছে এমন ধারণা করে গাড়ি থেকে বেরিয়ে দরজা আটকে দেন চালক। বা হাসপাতালের ভেতরে যাতে বোমা না ফাটে সেই চেষ্টাও তিনি করে থাকতে পারেন। এ ঘটনায় ইতিমধ্যে তিনজনকে আটকও করা হয়েছে।
