‘বাবর টুর্নামেন্ট সেরা না হওয়া অনৈতিক’

আপডেট : ১৫ নভেম্বর ২০২১, ২১:৩১

টি-২০ বিশ্বকাপে অস্ট্রেলিয়ান তারকা ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নার টুর্নামেন্ট সেরা খেলোয়াড় হয়েছেন। এটা নিয়ে পাকিস্তানি সাবেক ফার্স্ট বোলার শোয়েব আকতার খেপেছেন ওয়ার্নার কেন টুর্নামেন্ট সেরা পুরস্কার পেলেন? শোয়েবের দাবি, এটা নাকি পাকিস্তানি অধিনায়ক বাবর আজমের পাওয়া উচিত ছিল। তার মতে, বাবর আজমকে বঞ্চিত করা হয়েছে। 

অস্ট্রেলিয়াকে বিশ্বকাপ জেতানো এই নায়ককে খাটো করে দেখছেন না তবে যারা ওয়ার্নারকে টুর্নামেন্ট সেরার বিচার করেছেন তারা সঠিক সিদ্ধান্ত গ্রহণ করেননি বলে মনে করছেন সাবেক তারকা ক্রিকেটার রাওয়ালপিন্ডি এক্সপ্রেস। এক টুইট বার্তায় শোয়েব আকতার এসব কথা বলেন।

টুইটে শোয়েব আকতার বলেন, ‘এটা অনৈতিক সিদ্ধান্ত। বাবর আজম ম্যান অফ দ্য টুর্নামেন্ট হবে বলেই তাকিয়ে ছিলাম। কিন্তু এই সিদ্ধান্ত অনৈতিক।’ 

নিউজিল্যান্ডের বিপক্ষে ফাইনালে ওয়ার্নার ১৭২ রান তাড়া করতে নেমে ৩৮ বলে ৫৩ রানের ইনিংস উপহার দেন। টি-২০ বিশ্বকাপে কোনো অজি ব্যাটার হিসাবে সবচেয়ে বেশি রান করার নজির গড়েছেন তিনি। ম্যাথিউ হেডেনকে টপকে যান তিনি। ওয়ার্নার দ্বিতীয় ক্রিকেটার যিনি টি-২০ বিশ্বকাপ জয়ী দলের সদস্য হিসাবে টুর্নামেন্টের সেরার পুরস্কার পেলেন। এর আগে এই নজির ছিল ইংল্যান্ডের কেভিন পিটারসেনের। ২০১০ সালে অস্ট্রেলিয়াকে ৭ উইকেটে হারিয়ে টি-২০ বিশ্বকাপ জিতেছিল ইংলিশরা। ২৪৮ রান করে ‘প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট’ হন পিটারসেন।

 

ইত্তেফাক/এসআই