মিয়ানমারে ১৭৬ দিন কারাবাসের পর মুক্তি পেয়েছেন মার্কিন সাংবাদিক ড্যানি ফেনস্টার। এরই মধ্যে তিনি যুক্তরাষ্ট্রের উদ্দেশে এশিয়ার দেশটি ছেড়েছেন। সোমবার (১৫ নভেম্বর) পৃথক বিবৃতিতে তথ্যটি নিশ্চিত করেছে ড্যানির পরিবার ও মিয়ানমারের জান্তা সরকার। খবর প্রকাশ করেছে বিবিসি ও বার্তা সংস্থা এএফপি।
প্রতিবেদনে বলা হয়েছে, গত শুক্রবার ৩৭ বছর বয়সী মার্কিন সাংবাদিক ড্যানিকে ১১ বছরের কারাদণ্ড দিয়েছিলেন মিয়ানমারের একটি সামরিক আদালত। এরপর থেকেই তার মুক্তির দাবিতে জান্তা সরকারের ওপর চাপ দিচ্ছিলো ওয়াশিংটন। সেই পরিপ্রেক্ষিতে মাত্র ৩ দিনের মাথায় তাকে মুক্তি দিতে বাধ্য হলো জান্তা।
Danny Fenster and Governor Bill Richardson on the tarmac in Naypyidaw, #Myanmar on November 15, 2021. Photo credit: The Richardson Center #WhatsHappeningInMyanmar pic.twitter.com/0EXcPt4hbk
— Phyo Hein Kyaw (@exiter) November 15, 2021
এর আগে গত মে মাসে ইয়াঙ্গুন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ড্যানিকে আটক করা হয়। তার বিরুদ্ধে অভিযোগ, অভিবাসন আইন লঙ্ঘন, বেআইনি সংঘ ও মিয়ানমারের সেনাবাহিনীর বিরুদ্ধে ভিন্নমত উৎসাহিত করেছেন। আটকের পর থেকে ১৭৬ দিন কারাগারে থেকেছেন ড্যানি ফেনস্টার।
বিবৃতিতে মার্কিন এই সাংবাদিকের পরিবার জানিয়েছে, ড্যানি এখন যুক্তরাষ্ট্রের পথে আছেন। তার মুক্তির ব্যবস্থা করার জন্য রাষ্ট্রদূত রিচার্ডসনের প্রতি বিশেষভাবে কৃতজ্ঞ।
এদিকে, ড্যানির মিয়ানমার ছাড়ার বিষয়টি নিশ্চিত করেছেন জান্তা সরকারের মুখপাত্র জ মিন থ এবং নেপিডো বিমানবন্দরের একজন কর্মকর্তা।
ইত্তেফাক/টিএ
