ড্র করলেই মিলতো কাতার বিশ্বকাপের টিকিট। অন্যদিকে, সার্বিয়ার জয় ছাড়া বিকল্প কোনো উপায় ছিল না। ৮৯ মিনিট পর্যন্ত স্কোরলাইন ১-১ থাকায় বিশ্বকাপে এক পা প্রায় দিয়েই ফেলেছিল পর্তুগাল। কিন্তু ৯০ মিনিটে যাওয়ার আগেই ঘটে গেলো সর্বনাশ। দুসান তাদিচের ক্রস থেকে আলেক্সান্দার মিত্রোভিচের হেড সার্বিয়াকে সরাসরি নিয়ে গেলো স্বপ্নের ২০২২ কাতার বিশ্বকাপে। একই সঙ্গে ২-১ গোলের জয়ে ক্রিশ্চিয়ানো রোনালদোদের গ্রুপ রানার্সআপ বানিয়ে ঠেলে দিলো প্লে-অফের ঠিকানায়।
বিশ্বকাপ বাছাইপর্বে ১০ গ্রুপের রানার্সআপ ও নেশনস লিগের দুই গ্রুপ সেরাকে নিয়ে আগামী মার্চে অনুষ্ঠিত হবে ইউরোপ অঞ্চলের প্লে-অফ পর্ব। যেখানে বিশ্বকাপের টিকিট মিলবে মাত্র তিন দলের। রোনালদোরা কি পারবেন সেই খাতায় নাম লেখাতে না কি বিশ্বকাপের মঞ্চে আর দেখা যাবে না সিআরসেভেনকে? সবকিছুই এখন অনিশ্চিত।
তবে একটা জিনিস আন্দাজ করা যায়, সার্বিয়ার সঙ্গে প্রথম লেগে ড্র করা ম্যাচে বাতিল হওয়া সেই গোলটি হয়তো এখন বেশি পুড়াচ্ছে রোনালদোকে। হয়তো রেফারি ও ভাগ্যকে দুষতে পারেন এর জন্য। কিন্তু রবিবার (১৪ নভেম্বর) রাতের খেলায় রোনালদো নিজেকেই বা কাঠগড়া থেকে দূরে রাখেন কীভাবে। পুরো ৯০ মিনিট খেলেও যিনি ছিলেন নিষ্প্রভ। তার নিষ্প্রভতা দূরে ঠেলে পর্তুগালের জ্বলে উঠার নজির খুব কমই বলা যায়।
যদিও নিজেদের মাঠে রেনেতো সানচেজের গোলে দুই মিনিটেই এগিয়ে যায় পর্তুগিজরা। তবে পিছিয়ে পড়লেও সাহস হারায়নি সার্বিয়া। ৩৩ মিনিটে তাদিচের শট পর্তুগিজ গোলরক্ষক রুই পাত্রিসিওর হাত ফসকে পেরিয়ে যায় গোললাইন। এরপর চলতে থাকে আক্রমণ-পাল্টা আক্রমণের খেলা। যেখানে এগিয়ে ছিল সার্বিয়াই। তার সুবিধাই পেয়ে গেলো ৯০ মিনিটে এসে।
যেই রোনালদো শেষ মূহুর্তের 'রাজা', সেই তাকেই নির্বাক করে সার্বিয়াকে উল্লাসে ভাসান বদলি হিসেবে নামা মিত্রোভিচ। এরপর অতিরিক্ত সময়েও আর ম্যাচে ফিরতে পারেননি স্বাগতিকরা। আর হতাশ রোনালদো রেফারির শেষ বাশি বাজার সঙ্গে সঙ্গেই নুয়ে পড়েন মাঠের মধ্যে। বিমর্ষ হয়ে হয়তো বাতিল হওয়া সেই গোলটির কথাই ভাবছিলেন ৩৬ বছর বয়সী এই ফরোয়ার্ড।
পর্তুগাল হতাশায় ডুবলেও বিশ্বকাপ নিশ্চিত করেছে ইউরোপের আরেক জায়ান্ট স্পেন। সুইডেনের বিপক্ষে শুধু ড্র করলেই চলতো তাদের। কিন্তু ৮৬ মিনিটে আলভারো মোরাতার গোলে শেষ পর্যন্ত জয় নিয়েই কাতারের টিকিট কাটে লুইস এনরিকের দল। অন্যদিকে, পর্তুগালের মতো প্লে-অফে খেলতে হবে জাতান ইব্রাহিমোভিচদের।
রাশিয়াকে ১-০ গোলে হারিয়ে বিশ্বকাপের টিকিট কেটেছে বর্তমান রানার্সআপ ক্রোয়েশিয়াও। এদিকে, বিশ্বকাপ আগেই নিশ্চিত করে ফেলা জার্মানি বাছাইপর্বের শেষ ম্যাচেও তাদের দাপট অব্যাহত রাখে। ৪-১ গোলের জয়ে আর্মেনিয়াকে স্রেফ উড়িয়ে দিয়েছে। জোড়া গোল করেন ইলকায় গুন্দোয়ান। তার আগে কাই হাভার্টজ ও পরে ইয়োনাস হফম্যান জালে বল পাঠান।
একনজরে
ক্রোয়েশিয়া ১-০ রাশিয়া
আর্মেনিয়া ১-৪ জার্মানি
স্পেন ১-০ সুইডেন
পর্তুগাল ১-২ সার্বিয়া
লুক্সেমবোর্গ ০-৩ আয়ারল্যান্ড
ইত্তেফাক/টিএ
