তুর্কি নাগরিক রেসিয়া কারাকা পাক। যিনি কিনা সাইকেলে ১৪ হাজার কিলোমিটার পাড়ি দেওয়ার উদ্যোগ নিয়েছেন। জার্মানিতে বসবাসকারী এই তুর্কির লক্ষ্য, বিশ্ব থেকে ইসলামভীতি দূর করা। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে তুরস্কভিত্তিক বার্তা সংস্থা আনাদুলো এজেন্সি।
রেসিয়া কারাকা পাক বলেন, তুরস্ক ও মুসলিমদের বিরুদ্ধে ইউরোপে ব্যাপক অপপ্রচার চালানো হয়। সেখানকার গণমাধ্যমগুলোতে এই ধরনের প্রতিবেদন প্রকাশ, মূলত বর্ণবাদকেই উস্কে দেয়ার সামিল। সেসব থামাতে ও মানুষের মনে ইমলাম ভীতি কমাতে আমি আমার সাইকেলে চেপে বিশ্বের বিভিন্ন দেশে ভ্রমণ করছি। মুসলিম এবং তুর্কিদের বিরুদ্ধে যে তথ্যগুলো প্রকাশ করা হয়, সেগুলো যে সম্পূর্ণ মিথ্যা সেই বার্তা আমি সবার কাছে পৌঁছে দিতে চাই।
তিনি আরও বলেন, মুসলিমরা ইউরোপে চাকরি ও বাসা ভাড়ার ক্ষেত্রে বিভিন্নভাবে বর্ণবাদের শিকার হচ্ছে। সেখান মসজিদগুলো বছরে ৪০০ বারেরও বেশি হামলার শিকার হয়। তবে ইউরোপীয়রা ভালো করেই জানে মুসলিমরা তাদের বিরুদ্ধে নয়। মুসলমানদের সঙ্গে তাদের ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক বিদ্যমান। কিন্তু অপপ্রচারের প্রভাবিত হয়ে যারা মুসলিমদের থেকে দূরে থাকছেন, তাদের বোঝানো দরকার, তারা ভ্রান্ত ও মিথ্যা তথ্যের শিকার।
আনাদুলো এজেন্সিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, তুরস্ক থেকে প্রথমে বিমানে করে মঙ্গোলিয়া যাবেন। এরপর সেখান থেকেই শুরু হবে সাইকেল যাত্রা। এতে প্রায় ১৪ হাজার কিলোমিটার ভ্রমণের পরিকল্পনা করেছেন রেসিয়া কারাকা পাক।
