লালমনিরহাটের আদিতমারী উপজেলার নামুড়ী স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক নজরুল ইসলামকে ঘুষি মেরে নাক ফাটানোর ঘটনায় সহযোগীতা করার অভিযোগে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১৬ নভেম্বর) সকালে উপজেলার পলাশী ইউনিয়নের নামুড়ী মদনপুর এলাকা থেকে মামলার ২ নং আসামী একই বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর কর্মচারী নজরুল ইসলামকে (৫৫) গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তারুল ইসলাম।
গ্রেফতার নজরুল ইসলাম নামুড়ী মদনপুর গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে।
ওসি মোক্তারুল ইসলাম জানান, নামুড়ী স্কুল অ্যান্ড কলেজের কৃষি বিষয়ের সহকারী শিক্ষক ভুপতি রঞ্জন রায় তার অনুপস্থিত হাজিরা খাতায় উপস্থিত লিখে স্বাক্ষর করেন। বিষয়টি প্রধান শিক্ষক জানতে চাওয়ায় তিনি ক্ষিপ্ত হয়ে উঠেন। এর এক পর্যায়ে দুজনের বাক বিতণ্ডায় সহকারী শিক্ষক প্রধান শিক্ষকের নাকে ঘুষি মারেন। আর এ কাজে সহযোগিতা করেন একই বিদ্যালয়ের পিয়ন নজরুল ইসলাম। সোমবার (১৫ নভেম্বর) দুপুরে নামুড়ী স্কুল অ্যান্ড কলেজের অফিস কক্ষে এ ঘটনা ঘটে।
ওসি বলেন, এ ঘটনার পর পরই প্রধান শিক্ষক বাদী হয়ে দুজনের নামে থানায় একটি অভিযোগ দায়ের করেন। আমরা ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে এক জনকে গ্রেফতার করেছি। তবে ঘটনার মূল হোতা সহকারী শিক্ষক ভুপতি রঞ্জন রায় পলাতক রয়েছেন। তাকে গ্রেফতারে পুলিশ কাজ করছে।
