মানবিক দিক বিবেচনা করে দলের চেয়ারপারসন খালেদা জিয়াকে চিকিৎসা জন্য দ্রুত বিদেশ যাওয়ার সুযোগ দিতে সরকারের কাছে দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, তার পরিবারের পক্ষ থেকে আবারও আবেদন করা হয়েছে। আমরা সরকারের কাছে আবারও দাবি জানাচ্ছি- অবিলম্বে তাকে বাইরে চিকিৎসা করার সুযোগ দেওয়া হোক। খালেদা জিয়ার যদি কিছু হয়ে যায় তবে এর সব দায়দায়িত্ব সরকারকেই বহন করতে হবে।
খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় মঙ্গলবার রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ে আয়োজিত দোয়া মাহফিলে বিএনপি মহাসচিব এ সব কথা বলেন।
এ সময় বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, ঢাকা মহানগর দলের সভাপতি আমানউল্লাহ আমান ও আবদুস সালাম, প্রচার সম্পাদক শহীদউদ্দিন চৌধুরী এ্যানী প্রমুখ বক্তব্য দেন।
মির্জা ফখরুল বলেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থা গুরুতর। তিনি অত্যন্ত অসুস্থ, অনেক বেশি অসুস্থ। কতটা গুরুতর তা আমি ঠিক আপনাদের বলে বোঝাতে পারব না। খালেদা জিয়াকে রাজনীতি থেকে সরিয়ে দেওয়ার চক্রান্ত চলছে।

সৌদি আরব বাংলাদেশের ভালো বন্ধু: পররাষ্ট্রমন্ত্রী