শ্রীলঙ্কায় চার জাতির টুর্নামেন্টের ফাইনাল খেলতে বাংলাদেশের প্রয়োজন ছিলো এক পয়েন্ট। অর্থাৎ অলিখিত সেমিফাইনালে স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে ড্র করতে পারলেই ফাইনাল খেলা নিশ্চিত ছিলো জামাল ভূঁইয়াদের।
কিন্তু আবারো সেই স্বপ্ন ভেঙে গেলো বাংলাদেশের। প্রথমার্ধে পিছিয়ে পড়া দলকে সমতায় ফেরানোর সুবর্ণ সুযোগ তপু বর্মন নষ্ট করলেন লক্ষ্যভ্রষ্ট পেনাল্টি শট নিয়ে। দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়াল বাংলাদেশ। বদলি নামা জুয়েল রানার দারুণ গোলে ফাইনালে খেলার সম্ভাবনা জাগল। কিন্তু শেষ দিকের গোলে আবারও স্বপ্নভঙ্গের যন্ত্রণায় পুড়ল বাংলাদেশ।
কলম্বোর রেসকোর্স মাঠে মঙ্গলবার প্রতিযোগিতার রাউন্ড রবিন লিগে নিজেদের শেষ ম্যাচে শ্রীলঙ্কার কাছে ২-১ গোলে হেরেছে বাংলাদেশ। জামাল ভূঁইয়াদের দরকার ড্র অন্যদিকে জয় ছাড়া বিকল্প কোনো পথ খোলা ছিল না শ্রীলঙ্কার সামনে। কিন্তু সব সমীকরণ পেছনে ফেলে জয় নিয়েই মাঠ ছাড়লো স্বাগতিকরা।
ভারী বর্ষণে রেসকোর্স মাঠ এমনিতেই ভারী। এর উপর দ্বিতীয় ম্যাচ হওয়ায় অত্যন্ত কঠিন অবস্থা মাঠের। সেই মাঠে বাংলাদেশের বিপক্ষে শুরুতে আক্রমণ করতে থাকে শ্রীলঙ্কা। কয়েকটি গোলের সুযোগ তৈরি করে। ২৬ মিনিটে ওয়াসেক রাজ্জাক বক্সে জটলার মধ্যে প্লেসিং করেন। ভারী মাঠে বলের গতি প্রকৃতি বুঝতে পারেননি গোলরক্ষক আনিসুর রহমান জিকো।
পিছিয়ে পড়ার পর বাংলাদেশ ম্যাচে ফেরার দারুণ সুযোগ পায়। জামাল ভূঁইয়ার কর্ণার থেকে বাংলাদেশের আক্রমণ লঙ্কান ডিফেন্ডার গোললাইন থেকে সেভ করতে গিয়ে হ্যান্ডবল করেন। রেফারি পেনাল্টির পাশাপাশি লাল কার্ড দেখান। বাংলাদেশ দলের পেনাল্টি স্পেশালিষ্ট তপু বর্মণের নেয়া পেনাল্টি শট পোস্টের অনেক উপর দিয়ে যায়।
ভারী মাঠে শ্রীলঙ্কান ফুটবলাররা কয়েকবার আহত হয়েছেন। লঙ্কান দুই ফুটবলার মাঠও ছেড়েছেন আহত হয়ে। বাংলাদেশের ফুটবলাররাও নিজেদের ভারসাম্য রাখতে হিমশিম খাচ্ছিলেন।
