ভারতের গুজরাট রাজ্যের কয়েকটি পৌরসভায় রাস্তার ধারে আমিষজাতীয় খাদ্য বিক্রি বন্ধ করেছে বিজেপি। কোনো স্কুল চত্বরের একশ মিটারের মধ্যে থাকবে না আমিষ খাবারের স্টল বা গাড়ি। মন্দিরের আশপাশেও তা থাকতে পারবে না। রাস্তায় আমিষ খাবারের গাড়ি রাখা নিয়েও চালু কড়া নিয়মকানুন। বিজেপিশাসিত আহমেদাবাদ, বদোদরা, রাজকোট ও ভাবনগর পৌরসভার এ হেন ফতোয়ায় তুমুল বিতর্ক শুরু হয়েছে গুজরাটে। এখবর দিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম ডয়চে ভেলে।
এই সিদ্ধান্ত নিয়ে গুজরাটের নাগরিকদের একাংশ প্রশ্ন তুলতে শুরু করেছে। বিজেপির ভেতরেও মতবিরোধ দেখা দিয়েছে। রাজ্যের বিজেপি প্রধান সি আর পাটিল সব পৌরসভার প্রধানদের জানিয়েছেন, এই ধরনের নির্দেশ যেন দেওয়া না হয়। এটা কিছু মানুষের বিশ্বাস হতে পারে। তবে দলের সিদ্ধান্ত নয়। গণমাধ্যম এবং সমাজমাধ্যমেও বিষয়টি নিয়ে বিপুল বিতর্ক শুরু হয়েছে। এমনকি বিষয়টি নিয়ে মন্তব্য করতে হয়েছে মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেলকে।
মুখ্যমন্ত্রী জানিয়েছেন, আমিষ খাওয়া নিয়ে তার সরকারের কোনো আপত্তি নেই। তবে খাবারের স্টলগুলিতে খারাপ খাবার বিক্রি করা হচ্ছে কি না, অস্বাস্থ্যকর খাবার বিক্রি হচ্ছে কি না, তা দেখার দেখার দায়িত্ব প্রশাসনের।
