বরিশালে ট্রেইনি কনস্টেবল নিয়োগ প্রক্রিয়ার লিখিত পরীক্ষায় প্রক্সি দিতে এসে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) এক ছাত্রকে আটক করা হয়েছে।
বুধবার (১৭ নভেম্বর) দুপুরে নগরীর কালেক্টরেট স্কুল এন্ড কলেজ থেকে তাকে আটক করা হয়।
বরিশাল কোতোয়ালী মডেল থানার পরিদর্শক (তদন্ত) লোকমান হোসেন জানান, আটক আবুল খায়ের আরাফাত জুয়েল বরিশাল বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের বিবিএ শেষ বর্ষের ছাত্র ও ভোলার দৌলতখানের বাসিন্দা আবু সাঈদের ছেলে। ববির বঙ্গবন্ধু হলের আবাসিক ছাত্র সে। আরাফাত বরিশাল বিশ্ববিদ্যালয়স্থ ভোলা জেলা ছাত্র ছাত্রী কল্যাণ পরিষদের সভাপতি ও বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের সাবেক সাংগঠনিক সম্পাদক।
তিনি আরও জানান, মুক্তিযোদ্ধা কোটার (পুরুষ) প্রার্থী উজিরপুরের বাসিন্দা জীবন হালদারের ছেলে সৌরভ হালদারের জন্য প্রক্সি পরীক্ষা দিতে এসে আরাফাত আটক হয়। এর আগে প্রবেশপত্র যাচাই করে হাজিরা শিটে স্বাক্ষর নেওয়ার সময় সন্দেহ হয় পরিদর্শকের। সে সময় বিভিন্ন প্রশ্নের উত্তর না দিতে পেরে সব শেষে সে প্রক্সি দিতে এসে বলে স্বীকার করে। ৩০ হাজার টাকা চুক্তিতে বিশ্ববিদ্যালয় ছাত্র আরাফাত এই পরীক্ষা দিতে এসেছে বলে পুলিশকে জানায়। এছাড়া মূল পরীক্ষার্থী সৌরভ হালদারের খাতা বাতিল করা হয়েছে। তার ঠাকুরদা হরলাল হালদার মুক্তিযোদ্ধা ছিলেন, সেই কোঠার প্রার্থী ছিলেন সৌরভ হালদার। আটককৃতর বিরুদ্ধে জেলা পুলিশের একজন সাব ইন্সপেক্টর বাদি হয়ে মামলা দায়ের করেছেন।
