শাফকাতের সাথে বাংলা দ্বৈত গানে সিঁথি সাহা!

আপডেট : ১৮ নভেম্বর ২০২১, ১৯:২৪

পাকিস্তানের প্রখ্যাত কণ্ঠশিল্পী শাফকাত আমানত আলী’র সাথে বাংলাদেশের গায়িকা সিঁথি সাহার শখ্যতা অনেকদিনের। মূলত সিঁথি শাফকাতের একটি গানের কাভার করে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিলে, তা শাফকাতের নজরে পড়ে। তখন সিঁথির কণ্ঠের প্রশংসা করেন এই বিখ্যাত শিল্পী। 

এরপর বেশ কিছু আয়োজন অনুষ্ঠানে যোগাযোগ হয়। নতুন খবর হলো এবারে শাফকাতের সাথে সিঁথির একটি ডুয়েট গান প্রকাশ পাচ্ছে। গানটির শিরোনাম বা কে কী কাজ করছেন এই প্রজেক্টে তা এখনই প্রকাশ করতে চাইছেন না সিঁথি সাহা। খুব শিগগিরই আনুষ্ঠানিকভাবেই এই খবরটি সবাইকে জানাবেন বললেন। এদিকে শাফকাত আলী সিঁথি সাহার উপস্থাপনায় একটি অনুষ্ঠানেও অতিথি হিসেবে ছিলেন। ভার্চুয়ালি এই অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন দেশীয় একটি চ্যানেলের জন্য। 

সিঁথি শুধু জানান, শাফকাতের সাথে কোনো হিন্দি বা উর্দুভাষার ডুয়েট নয়। বরং বাংলা দ্বৈত গান করেছেন তিনি। গানটির রেকর্ডিং ও মিউজিক ভিডিওর কাজ শেষ হয়েছে এরই ভেতরে। আগামী মাসে আনুষ্ঠানিকভাবে গানটি ডিজিটালি অবমুক্ত করা হবে। 

উল্লেখ্য, সিঁথি সাহা এর আগে চন্দন সিনহা, হাবিব ওয়াহিদসহ দেশের বেশ ক’জন শিল্পীর সাথে দ্বৈত গান গেয়েছেন যা জনপ্রিয়তা পেয়েছে শ্রোতাদের কাছে। এবারে উপমহাদেশের প্রখ্যাত এই শিল্পীর সাথে তার ডুয়েট গানটি দর্শক শ্রোতাদের কাছে দারুণ এক চমক হবে বলেই তিনি বিশ্বাস করেন। একই সাথে তার গানের ক্যারিয়ারেও দারুণ এক মাত্রা যোগ করবে। 

ইত্তেফাক/এএইচপি