করোনা পরীক্ষার ২ কোটি ৫৭ লাখ ৯৭ হাজার ২০০ টাকা আত্মসাতের ঘটনায় খুলনা সদর (জেনারেল) হাসপাতালের ল্যাব টেকনিশিয়ান প্রকাশ কুমার দাশের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে দুর্নীতি দমন কমিশনের (দুদক) বিভাগীয় কার্যালয়ের উপ-সহকারী পরিচালক খন্দকার কামরুজ্জামান বাদি হয়ে দুদক সমন্বিত খুলনা জেলা কার্যালয়ে মামলাটি দায়ের করেন।
দুদক সমন্বিত খুলনা জেলা কার্যালয়ের উপপরিচালক নাজমুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তবে একমাত্র আসামি প্রকাশ কুমার দাশ গত ২৭ সেপ্টেম্বর থেকে পলাতক রয়েছেন।
এজাহারে উল্লেখ করা হয়, খুলনা সদর (জেনারেল) হাসপাতালে করোনার স্যাম্পল পরীক্ষা এবং বিদেশগামীদের করোনা পরীক্ষার ফি বাবদ গত ২০২০ সালের জুলাই থেকে চলতি বছরের জুলাই মাস পর্যন্ত ৪ কোটি ২৪ লাখ ৯৩ হাজার ৯০০ টাকা রাজস্ব আদায় করেন ল্যাব টেকনিশিয়ান প্রকাশ কুমার দাস। কিন্তু তিনি ১ কোটি ৬৬ লাখ ৯৬ হাজার ৭০০ টাকা সরকারি কোষাগারে জমা করেন। বাকি ২ কোটি ৫৭ লাখ ৯৭ হাজার ২০০ টাকা আত্মসাৎ করেন।
এ ঘটনায় খুলনার সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ গত ২৭ সেপ্টেম্বর ল্যাব টেকনিশিয়ান প্রকাশ কুমার দাশের বিরুদ্ধে খুলনা সদর থানায় জিডি করেন। এ ঘটনায় গঠিত ৫ সদস্যের তদন্ত কমিটি বিষয়টি তদন্ত করে সত্যতা পান। তারপর থেকেই প্রকাশ পলাতক রয়েছেন।

ইউপি চেয়ারম্যান পদে এবার তৃতীয় লিঙ্গের ঋতু