করপোরেট লিডারদের অ্যাওয়ার্ড দেবে লিডার্স ফোরাম বাংলাদেশ

আপডেট : ১৮ নভেম্বর ২০২১, ১৮:৪০

দেশের করপোরেট জগতে যারা নেতৃত্ব দিচ্ছেন, সেই সব লিডারদের পুরস্কারের মাধ্যমে সম্মান জানাবে লিডার্স ফোরাম বাংলাদেশ।

শনিবার প্রথমবারের মতো এই ‘এলবিএফ করপোরেট এক্সেলেন্স অ্যাওয়ার্ড’প্রদান করা হবে। রাজধানীর হোটেল ওয়েস্টিনে আয়োজিত পুরস্কার প্রদান অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশে ইউএনডিপির প্রধান সুদীপ্ত মুখার্জি। করপোরেট জগতের ২৩টি খাতের ২৩ জনকে এই পুরস্কার দেওয়া হবে। ৬ সদস্যের জুরি বোর্ড যোগ্যদের নির্বাচিত করবেন। বৃহস্পতিবার লিডার্স ফোরাম বাংলাদেশ আয়োজিত এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়েছে।

লিডার্স ফোরামের প্রতিষ্ঠাতা খন্দকার কবীর বলেন, গত ১৩ জুন লিডার্স ফোরাম বাংলাদেশের যাত্রা শুরু হয়। করপোরেট জগতের ২৩ খাতের তিন হাজারের বেশি মাল্টি-লিডারদের মিলনমেলা এখন লিডার্স ফোরাম বাংলাদেশ।

তিনি বলেন, লিডার ফোরাম বিশ্বাস করে- শেখার কখনোই শেষ হয় না এবং নেতৃত্বের কখনও মৃত্যু হয় না। লিডার্স ফোরাম বাংলাদেশ অন্যান্য কাজের পাশাপাশি প্রি গ্র্যাজুয়েট, থ্যালাসিমিয়া ইত্যাদি নিয়েও কাজ করছে।

সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত ছিলেন লিডার্স ফোরাম বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সদস্য জিটিভির প্রধান সম্পাদক সৈয়দ ইশতিয়াক রেজা, বিডি ভেঞ্চারের প্রধান নির্বাহী ও ব্যবস্থাপনা পরিচালক কায়সার হামিদ, ফিনেক্সো কানাডার কান্ট্রি ডিরেক্টর তামান্না রাব্বানী ও সংগঠনটির উপদেষ্টা মিজানুর রহমান। 
 

 ইত্তেফাক/ইউবি