আন্তর্জাতিক ডিজাইন প্রতিযোগিতায় বাংলাদেশের সাফল্য

মহামারী পরবর্তীকালের গণপরিসর নিয়ে ভাবনা

আপডেট : ২৪ নভেম্বর ২০২১, ২২:১২

আন্তর্জাতিক পর্যায়ের একটি ডিজাইন প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছে বাংলাদেশের একটি দল। সম্প্রতি এপিডেমিক আরবানিজম ইনিশিয়েটিভসের উদ্যোগে আয়োজিত করোনা পরবর্তীকালের গণপরিসর নিয়ে ডিজাইন প্রতিযোগিতায় দুটি ক্যাটগরিতে বিজয়ী হয় বাংলাদেশের হয়ে অংশ নেয়া 'কনটেক্সট' নামধারী দলটি।  'পাবলিক পার্ক ইন অ্যা পোস্ট প্যান্ডেমিক ওয়ার্ল্ড' ও 'পাবলিক স্কুল ইন অ্যা পোস্ট প্যান্ডেমিক ওয়ার্ল্ড' ক্যাটাগরিতে দলটি তাদের ভাবনা উপস্থাপন করে বিজয়ী হয়।

গত আগস্ট মাসে এ প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়। যুক্তরাষ্ট্র, কানাডা, নরওয়ে ও সুইজারল্যান্ডসহ বিভিন্ন দেশের সমন্বয়ে গঠিত জুরি বোর্ড এর নেতৃত্ব দেন।  পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে অংশ নেয় ৫৪টি দল।  বাংলাদেশের বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ও শিল্পীর সমন্বয়ে গঠিত হয় 'কনটেক্সট' দল।

দলে ছিলেন ড. কিশোয়ার হাবিব, স্থপতি সাজ্জাদ হোসাইন, সাইমুম কবির, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ সুমাইয়া আক্তার, স্থপতি লাবিবা নাজনীন, রাশেদ হাসান, রামিসা তাসনিম, আহাম্মেদ আল মোহাইমিন ও শিল্পী মাসুদা জুঁই। স্থাপত্যের শিক্ষার্থীদের মধ্যে ছিলেন আশরাফুল আলম নাসিম, মোজাফফর হোসেন, দীপ্তেনু সাহা, নোশিন তুবা, ঋতুশ্রী, তানভীন মাহতাব, তারান্নুম ইউসুফ, রাফিয়া রুখসাত, সাদেকুল আরেফিন ও তানসেন আলম সঙ্গীত।

গেল অক্টোবর মাসে প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করা হলে দুটি ক্যাটাগরিতেই বাংলাদেশের দলটি বিজয়ী হয়।  বিজয়ী দলের অন্যতম সদস্য ও হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগের ছাত্র আশরাফুল আলম নাসিম বলেন, আমরা ডিজাইনের মাধ্যমে কোভিড পরবর্তী সময়কালের গণপরিসরকে নিয়ে ভেবেছি। সেখানে মানুষের অংশগ্রহণ, আনাগোনা কেমন হতে পারে, মহামারী মানুষের আচরণে কী প্রভাব ফেলেছে, সবকিছুর সম্মিলিত ভাবনা ছিল আমাদের। কাজগুলো ছিল মাল্টি-ডিসিপ্লিনারি। এধরনের একটি প্রতিযোগিতায় অংশ নিতে পেরে আমি আনন্দিত। আমরা নতুন অনেককিছুই শেখার সুযোগ পেয়েছি।

ইত্তেফাক/জেডএইচডি