ইবিতে ‘ডি’ ইউনিটটের সাক্ষাৎকার ২৮ নভেম্বর

আপডেট : ১১ মার্চ ২০২২, ২১:০২

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ধর্মতত্ত্ব ও ইসলাম শিক্ষা অনুষদ ভুক্ত স্বতন্ত্র ‘ডি’ ইউনিটের ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষে ভর্তির সাক্ষাৎকার শুরু হবে আগামী ২৮ নভেম্বর। চলবে ৩০ নভেম্বর পর্যন্ত।

শুক্রবার (১৯ নভেম্বর) ‘ডি’ ইউনিটের সমন্বয়কারী প্রফেসর ড. এম এয়াকুব আলী এ তথ্য জানান। তিনি বলেন, অফিস চলাকালীন অনুষদ ভবনের চারতলায় ইউনিট সমন্বয়কারীর কার্যালয়ে সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে।

তিনি আরও জানান, ২৪০টি আসনের বিপরীতে মেধাতালিকায় থাকা শিক্ষার্থীদের সাক্ষাৎকার নেওয়া হবে। সাক্ষাৎকারে শিক্ষার্থীদের চূড়ান্ত ভর্তির অনুমতিপত্র প্রদান করা হবে। ওইদিন থেকে ১ ডিসেম্বরের মধ্যে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। মেধা তালিকায় ভর্তি শেষে আসন খালি থাকা সাপেক্ষে প্রথম অপেক্ষমাণ তালিকায় থাকা শিক্ষার্থীদের সাক্ষাৎকার আগামী ৫ ও ৬ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।

ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সাক্ষাৎকারে উপস্থিত হওয়ার সময় ভর্তি পরীক্ষায় হলের পরিদর্শক কর্তৃক সাক্ষরিত মূল প্রবেশপত্র, মাধ্যমিক/সমমান ও উচ্চ মাধ্যমিক/সমমান পরীক্ষার মূল প্রবেশপত্র, রেজিস্ট্রেশন কার্ড, মার্কশিট এবং সার্টিফিকেট অথবা শিক্ষাপ্রতিষ্ঠানের প্রশংসাপত্র এবং ৮ কপি পাসপোর্ট সাইজের রঙ্গিন ছবি সঙ্গে আনতে হবে।

এছাড়া ভর্তি পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (iu.ac.bd) পাওয়া যাবে। 

ইত্তেফাক/এমআর