রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি আছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সংস্কৃত বিভাগের শিক্ষিকা ড. এলিনা আক্তার পলি (৪০)। তিনি রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য আয়েন উদ্দিনের স্ত্রী।
হাসপাতাল সূত্রে জানা গেছে, নগরীর গ্রেটাররোড সংলগ্ন কাদিরগঞ্জ এলাকার একটি বাড়িতে ভাড়া থাকেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য আয়েন উদ্দিন। ওই বাড়ি থেকেই তার সহধর্মিনীকে গুরুতর অসুস্থ অবস্থায় রামেক হাসপাতালে নেওয়া হয়।
এদিকে আইসিইউতে থাকলেও ড. এলিনা আক্তার পলি বর্তমানে আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. শামীম ইয়াজদানী।
অন্যদিকে রামেক হাসপাতালের আইসিইউ ইনচার্জ ডা. আবু হেনা মোস্তফা কামাল বলেন, বৃহস্পতিবার (১৮ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে ড. এলিনাকে জরুরি বিভাগ আনা হয়। সেখান থেকে তাকে ৩৮ নম্বর ওয়ার্ডে (মেডিসিন বিভাগ) পাঠানো হয়। এরপর শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে আইসিইউতে পাঠানো হয়েছে। তার অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে।
তবে এ বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলতে রাজি হননি সংসদ সদস্য আয়েন উদ্দিন।

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে আরও ভর্তি ৭২ জন