সরকার দেশকে সংঘাতের দিকে নিয়ে যাচ্ছে: নুর

আপডেট : ১৯ নভেম্বর ২০২১, ২২:৫৩

টাঙ্গাইলে মাওলানা ভাসানীর মাজারে শ্রদ্ধা জানাতে গিয়ে আক্রমণের শিকার হয়েছিলেন গণ অধিকার পরিষদের আহ্বায়ক ড. রেজা কিবরিয়া ও দলটির সদস্যসচিব নুরুল হক নুর। এর প্রতিবাদে শুক্রবার (১৯ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করে সংগঠনটি। এসময় বর্তমান সরকার দেশকে সংঘাতের দিকে নিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেন নুর।

তিনি বলেন,' বর্তমান সরকার দেশের গণতন্ত্র ধ্বংস করে দেশকে সংঘাতের দিকে নিয়ে যাচ্ছে। সরকারি দলের নেতা-কর্মীরা দিনদিন বেপরোয়া হয়ে উঠছে। সরকার অযোগ্য ও দুর্নীতিবাজদের বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে বসিয়ে প্রতিষ্ঠানগুলো ধ্বংস করছে। আওয়ামী লীগ এখন এতোটাই অকৃতজ্ঞের দলে পরিণত হয়েছে যারা নিজ দলের প্রতিষ্ঠাতা ভাসানীকেও আজকে ইতিহাস থেকে মুছে দিতে চায়। 

নুর আরও বলেন, টাঙ্গাইলে ছাত্রলীগ, যুবলীগের সন্ত্রাসীরা আমাদের ওপর যে বর্বর হামলা করেছে তা বিভিন্ন গণমাধ্যমের খবরেই উঠে এসেছে। ওবায়দুল কাদের দুঃখ প্রকাশ করেছেন, এটি যদি মন থেকে করে তাহলে তাকে ধন্যবাদ। আমরা প্রতিহিংসার, সহিংসতার রাজনীতি করতে চাই না।

রেজা কিবরিয়া বলেন,  নুরের ওপর এর আগে ১৯ বার হামলা হয়েছে। একটিরও বিচার হয়নি। এর মানে কী? যদি দলীয় লোকদের উপর নিয়ন্ত্রণ না রাখতে পারেন, তাহলে তিনি (প্রধানমন্ত্রী) দেশের মানুষকে কিভাবে নিরাপত্তা দেবেন!  দেশ কিভাবে চালাবেন? সরকার দেশ চালাতে ব্যর্থ। তাই আমরা বলতে চাই, নিরপেক্ষ সরকারের অধীনে সু্ষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করুন

পরিষদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাশেদ খান  বলেন, মওলানা ভাসানীর আদর্শের সৈনিকেরা যখন ভাসানীর কণ্ঠে আগ্রাসনের বিরুদ্ধে কথা বলছে, তখনই এই হামলা। টাঙ্গাইলের হামলা কোন বিচ্ছিন্ন ঘটনা নয়। এই হামলা ধারাবাহিক হামলারই অংশ।

এছাড়াও বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান খান, সোহরাব হোসেন, আবু হানিফ, শাকিলউজ্জামান, সাদ্দাম হোসেন, শহীদুল ফাহিম, জিসান মহসিন, যুগ্ম সদস্য সচিব আব্দুর জাহেদ, সাইফুল্লা হায়দার,  যুব পরিষদের সদস্য সচিব মুনজুর মোর্শেদ, যুগ্ম আহ্বায়ক নাদিম হাসান, শ্রমিক অধিকার পরিষদের সভাপতি আব্দুর রহমান, সাধারণ সম্পাদক সোহেল রানা সম্পদ, ছাত্র অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক মোল্লা রহমতুল্লাহ, রোকেয়া জাবেদ মায়াসহ মহানগরের নেতৃবৃন্দ।

ইত্তেফাক/এসএ