টাইগারদের হারে মিরপুরে কমে গেলো দর্শক

আপডেট : ২০ নভেম্বর ২০২১, ১৩:৪৭

পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে মিরপুর স্টেডিয়ামে দর্শকদের উপস্থিতি একদমই কম। প্রথম ম্যাচে শক্তিশালী পাকিস্তানের বিপক্ষে হারার পর দর্শকদের আগ্রহ কমে গেছে বলে মনে করছেন অনেকে। 

বিশ্বকাপে ধরাশায়ীর পর নানা সমালোচনার জন্ম দিয়েছিল টাইগাররা। এর পরপরই ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি ও টেস্ট সিরিজকে সামনে রেখে অনেকেই স্বপ্ন দেখেছিলেন টাইগাররা হয়তো ঘুরে দাঁড়াবে। 

কিন্তু প্রথম ম্যাচে টাইগারদের সেই পুরনো রূপ দেখে অনেকেই হয়তো মুখ ফিরিয়ে নিয়েছেন। গেটে দায়িত্বরতরা জানান, গতকাল ম্যাচ শুরুর দুই ঘণ্টা আগে অর্থাৎ দুপুর বারোটা থেকেই দর্শকদের উপচেপড়া ভিড় লক্ষ করা গেছে। কিন্তু আজ তার এক ঘণ্টা পরও দর্শকদের উপস্থিতি নেই বললেই চলে। 

যেখানে বলা হয়ে থাকে বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় শক্তি এদেশের দর্শক, সেই দর্শকরাই কি তাহলে মুখ ফিরিয়ে নিচ্ছেন? এমন প্রশ্ন সকলের মুখে মুখে। 

দীর্ঘ ২০ মাস পর মিরপুর স্টেডিয়ামে দর্শকদের প্রবেশের অনুমতি দেওয়া হলে টিকিট ছাড়ার দেড় ঘণ্টা পরই কাউন্টারের টিকিট শেষ হয়ে যায়। কিন্তু স্টেডিয়ামে এসে সেই পরিমাণে দর্শকদের উপস্থিতি লক্ষ করা যাচ্ছে না।

ইত্তেফাক/এএএম