চতুর্থবারের মতো আয়োজিত হতে যাচ্ছে দেশের একমাত্র বিনিয়োগ ও পোর্টফোলিও ম্যানেজমেন্ট ভিত্তিক প্রতিযোগিতা বাংলা ট্র্যাক প্রেজেন্টস ‘অপটিমিটি ২০২১’। নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স ক্লাবের আয়োজনে ও দেশের স্নাতক পর্যায়ের শিক্ষার্থীদের অর্থনৈতিক ও বিনিয়োগ ক্ষেত্রে নিজেদের দক্ষতা প্রমাণ করার জন্য একটি মঞ্চ তৈরির লক্ষ্যে ‘দা বিজনেস স্ট্যান্ডার্ড’-এর সহযোগিতায় প্রতিযোগিতাটির আয়োজন করছে নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স ক্লাব।
সম্প্রতি শেষ হয়েছে অপটিমিটি-২০২১ এর অনলাইন রেজিস্ট্রেশন। দেশের যেকোনো বিশ্ববিদ্যালয়ের স্নাতক পর্যায়ের শিক্ষার্থীরা ঘরে বসেই অংশগ্রহণ করতে পারছে এই বিনিয়োগ ও পোর্টফোলিও ম্যানেজমেন্ট ভিত্তিক অনলাইন প্রতিযোগিতায়। সর্বনিম্ন ২ জন থেকে সর্বোচ্চ ৪ সদস্যের প্রতিটি দলের নিবন্ধন ফি ৫১০ টাকা নির্ধারণ করা হয়েছে।
এবারের অপটিমিটি-২০২১ এ থাকছে দুটি কর্মশালা এবং তিনটি প্রতিযোগিতামূলক রাউন্ড। কর্মশালা দুটি যথাক্রমে ১৬ এবং ১৭ নভেম্বর অনুষ্ঠিত হয়। এর মাধ্যমে নিজেদের দক্ষতা যাচাই করে পরবর্তী প্রতিযোগিতামূলক রাউন্ডের জন্য নিজেদের তৈরি করে নেন। কর্মশালার পরই প্রতিযোগীদের দক্ষতা মূল্যায়ন করতে যথাক্রমে ১৮ একটি ও ২৭ নভেম্বর আরেকটি ভার্চুয়াল রাউন্ড অনুষ্ঠিত হবে। আগামী ১ ডিসেম্বর একটি ভার্চুয়াল গ্র্যান্ড ফিনালের মাধ্যমে সমাপ্তি ঘটবে অপটিমির এ বছরের আয়োজনের। এবারের শীর্ষ তিনটি দলকে মোট ২ লাখ টাকার পুরষ্কার প্রদান করা হবে।
প্রাইজমানি হিসেবে এ বছরের চ্যাম্পিয়ন দলের জন্য রয়েছে ১ লক্ষ টাকা। প্রথম এবং দ্বিতীয় রানার্স আপ দলগুলো যথাক্রমে ৬০ হাজার ও ৪০ হাজার টাকা। এছাড়াও, শীর্ষ ৩টি দলের জন্য দেশের খ্যাতনামা অর্থনীতি খাতের পেশাদারদের দ্বারা পরিচালিত সিএফএ প্রথম স্তরের প্রস্তুতি কোর্সে ৫০-১০০ শতাংশ বৃত্তির সুযোগ থাকছে।
বাংলা ট্র্যাক প্রেজেন্টস অপটিমিটি-২০২১ সহযোগে দা বিজনেস স্ট্যান্ডার্ড-এর বাংলা প্রিন্ট মিডিয়া পার্টনার হিসেবে থাকছে দৈনিক ইত্তেফাক। এছাড়াও ব্রডকাস্ট মিডিয়া পার্টনার- যমুনা টেলিভিশন, রেডিও পার্টনার- রেডিও কার্নিভাল, মিডিয়া পার্টনার- ক্যাবল গ্রাম, ও ফুড পার্টনার- এলিন ফুডস।
নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিক্স-এর অ্যাকাউন্টিং এবং ফাইন্যান্স বিভাগের অধীনে পরিচালিত এই সহ-পাঠ্যক্রমিক ক্লাবটি ২০১৪ সালে প্রতিষ্ঠার পর থেকে, সফলভাবে বিভিন্ন সেমিনার এবং সদস্য উন্নয়ন কর্মসূচীর পাশাপাশি জাতীয়, আন্তর্জাতিক এবং আন্তঃবিশ্ববিদ্যালয় প্রতিযোগিতা আয়োজন করে আসছে। ২০১৭ সালে প্রথমবারের মতো আয়োজিত এই আন্তঃবিশ্ববিদ্যালয় প্রতিযোগিতাটি পরবর্তী প্রতিটি সংস্করণ তার পূর্ববর্তী আয়োজনের সাফল্যকে ছাড়িয়ে গেছে। বিগত তিন সিজনের মতো এবারও “অপটিমিটি ২০২১” অংশগ্রহণকারীদের মধ্যে বিনিয়োগ ও পোর্টফোলিও ম্যানেজমেন্ট সংক্রান্ত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে পরিচালিত হবে।
