রাজধানীতে ট্রেনের ধাক্কায় প্রাণ গেলো যুবকের

আপডেট : ২২ নভেম্বর ২০২১, ০৯:১৩

রাজধানীর বিমানবন্দর এলাকায় ট্রেনের ধাক্কায় মেহেদী হাসান (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন। 

রবিবার (২২ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাত পৌনে ১০টায় মৃত ঘোষণা করেন।

নিহতের চাচতো ভাই রাফিন ও বন্ধু পারভেজ বলেন, আমরা মধ্য বাড্ডা বাঁশতলা এলাকায় একটি নির্মাণাধীন ভবনের কাজ করি। মেহেদী হাসান তার দুলাভাইয়ের সঙ্গে দেখা করার জন্য বাসা থেকে বের হন। তার সঙ্গে তার দুই বন্ধু সাগর ও রাব্বি ছিলেন। আমরা তাদের বন্ধুর কাছ থেকে জানতে পারি বিমানবন্দর এলাকায় গেলে ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে গুরুতর আহত হন, পরে তাকে উদ্ধার করে প্রথমে বাড্ডা জেনারেল হাসপাতাল অবস্থার অবনতি হলে দ্রুত ঢাকা মেডিক্যালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া এ তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি রেলওয়ে থানাকে অবগত করা হয়েছে। 

ইত্তেফাক/কেকে