গত ২১ নভেম্বর ‘আলোকিত হৃদয় ফাউন্ডেশন’ পরিচালিত আলোকিত হৃদয় স্কুলে অনুষ্ঠিত হয়েছে ‘আন্তঃস্কুল বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিত মেলা (স্টেম ফেয়ার)-২০২১’। মেলার এবারের স্লোগান ছিল ‘সাথে নিয়ে বিজ্ঞান, করবো সব সমস্যার সমাধান’। টাঙ্গাইল মির্জাপুরের চারটি বিদ্যালয় থেকে মোট ৯টি দল বিভিন্ন বাস্তবিক সমস্যার স্বল্প খরচে, সেরা সমাধানের পরিকল্পনা ও কার্যকরী পদক্ষেপ গুলো তুলে ধরেছে এই মেলায়।
মেলার আগে আলোকিত হৃদয় স্কুলে সব অংশগ্রহণকারীর জন্য একটি স্টেম কর্মশালার আয়োজন করা হয়। সেখানে প্রতিটি দলই প্রশ্নের মাধমে সমস্যার গভীরে যাওয়ার চেষ্টা করেছে এবং কীভাবে সেগুলো দূর করা যায় তার পরিকল্পনা করেছে। মেলায় অংশগ্রহণ করা দলগুলো যে প্রজেক্ট নিয়ে কাজ করেছে তাহলো- ট্রাফিক সমস্যা,পানির অপচয় রোধ, ছাদ কৃষি, জিরো কার্বন সিটি, পরিবেশে অক্সিজেন বাড়ানোর উপায়, পানি দূষণ রোধ, সড়ক দুর্ঘটনা, বিদ্যালয়ের খেলার মাঠ এবং সুষম খাদ্য সার্বজনীন করার উপায়।
বিজ্ঞান মেলায় শুধু প্রজেক্ট উপস্থাপন করার মধ্যেই এই আয়োজন সীমাবদ্ধ ছিল না, প্রতিটি দলই চেষ্টা করেছে যেকোনো সমস্যা সমাধানের জন্য সমাজের সব মানুষের সহযোগিতা কিভাবে নেওয়া যায়, সমাজের সব মানুষকে বিভিন্নভাবে এই প্রজেক্টে সম্পৃক্ত করা যায়।
শিক্ষার্থীরা প্রজেক্ট প্রদর্শনের পাশাপাশি মেলায় ‘ক্র্যাফট মেকিং’ কার্যক্রমে অংশগ্রহণ করে। বিভিন্ন ধরনের মাস্ক কীভাবে সহজে ও স্বল্প খরচে প্রস্তুত করা যায় সেই সম্পর্কে তিনটি বিভাগে আলোকিত হৃদয় বিদ্যালয়ের শিক্ষকরা শিক্ষার্থীদের হাতেকলমে শেখান।
প্রজেক্ট প্রদর্শন শেষে সৃজনশীলতা, উপস্থাপনা এবং বাস্তবায়নের কৌশলের নিপুণতার ভিত্তিতে তিনটি প্রজেক্টকে তিনটি ক্যাটাগরিতে ‘সেরা’ ঘোষণা করা হয়। জুনিয়র গ্রেডে সেরা প্রজেক্ট নির্বাচিত হয় মির্জাপুরের সোহাগপুর প্রাথমিক বিদ্যালয়ের ‘সুষম খাদ্য সার্বজনীন করার উপায়’, সিনিয়র গ্রেডে নির্বাচিত হয় রাজাবাড়ি উচ্চ বিদ্যালয়ের ‘সড়ক দুর্ঘটনা রোধের উপায়’ এবং সার্বিক গ্রেডে আলোকিত হৃদয় বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থীদের ‘জিরো কার্বন সিটি’। জিরো কার্বন সিটি প্রজেক্টে শিক্ষার্থীরা দেখানোর চেষ্টা করেছে যে, সোলার এনার্জির শতভাগ ব্যবহার, পরিবহনে বাই সাইকেল এবং রিসাইকেল করে জিরো কার্বন সিটি ডিজাইন করার উপায়গুলো।
আন্তঃস্কুল বিজ্ঞান, প্রযুক্তি,প্রকৌশল ও গণিত মেলার বিচারক ছিলেন বাংলাদেশ একিউম্যান একাডেমি বাংলাদেশের প্রধান নির্বাহী আইলীন আজানী, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা বিভাগের চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক জি এম রাকিবুল ইসলাম এবং টাঙ্গাইল মির্জাপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি আবুল কাশেম খান। মেলা শেষে বিজয়ী দলদের পুরষ্কার ও প্রাইজমানি প্রদান করা হয়। পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে অংশ নেন আলোকিত হৃদয় ফাউন্ডেশনের চেয়ারপারসন ও আলোকিত হৃদয় বিদ্যালয়ের উদ্যোক্তা আজওয়া নাঈম।

