কে হচ্ছেন রোনালদোদের কোচ

আপডেট : ২২ নভেম্বর ২০২১, ২৩:৩২

উলে গুনার সুলশারের জায়গায় অনেকের নামই শোনা যাচ্ছে। জিনেদিন জিদান, লুইস এনরিকে, মরিসিও পচেত্তিনো, ব্রেন্ডন রজার্সসহ আরও অনেকেই আছেন তালিকায়। এর মধ্যে ইউরোপিয়ান সংবাদ মাধ্যমগুলোর মতে, আগ্রহী নন জিদান। আর স্প্যানিশ কোচ এনরিকে তো তা হেসেই উড়িয়ে দিয়েছেন। অবশ্য ফ্রন্ট রানারের দিকে পচেত্তিনোর নামটাই কানে আসছে বেশি।

ইংলিশ সংবাদমাধ্যম ডেইলি মেইলের মতে, যেকোনো মূহুর্তে ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ হতে রাজি আছেন পিএসজির আর্জেন্টাইন এই কোচ। সেজন্য মেয়াদ শেষ হওয়ার আগেই পিএসজির মতো শক্তিশালী দলকে ছাড়তেও দ্বিধাবোধ করবেন না তিনি। প্যারিসে যে খুব খুশি আছেন তাও মনে হচ্ছে না। নেইমার, কিলিয়ান এমবাপ্পে ও লিওনেল মেসির মতো বড় তারকাদের ইগো সামলাতে রীতিমত হিমশিম খাচ্ছেন তিনি। এমনটাই খবরে ছেপেছে ডেইলি মেইল। তাই আবারো ইংলিশ প্রিমিয়ার লিগে তাকে দেখা গেলে অবাক হওয়ার কিছুই নেই।

উলে গুনার সুলশার ও ক্রিশ্চিয়ানো রোনালদো

এদিকে, ভারপ্রাপ্ত কোচ মাইকেল ক্যারিকের অধীনে মঙ্গলবার (২৩ নভেম্বর) চ্যাম্পিয়নস লিগে ভিয়ারিয়ালের মুখোমুখি হবে ম্যানচেস্টার ইউনাইটেড। লিগে সবশেষ ম্যাচে ওয়াটফোর্ডের কাছে ৪-১ গোলে হারের পর বিদায় দেওয়া হয়েছে সুলশারকে। দেখা যাক, সুলশার পরবর্তী যুগের শুরুটা কেমন করতে পারে রেড ডেভিলরা।

চ্যাম্পিয়নস লিগে ড্র করলেই শেষ ষোলো নিশ্চিত করবে জুভেন্টাস। তবে প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন চেলসি। স্টামফোর্ড ব্রিজে টমাস টুখেলের দলকে রুখে দেওয়া নিশ্চয়ই সহজ হবে না তুরিনের বুড়িদের জন্য। অবশ্য ড্র করলে চেলসিরও কোনো বাধা থাকবে না। অন্যদিকে, কিয়েভের বিপক্ষে ড্র করলে শেষ ষোলো নিশ্চিত করবে বায়ার্ন মিউনিখও।

ইত্তেফাক/টিএ